সরকারি গাড়িতে জিপিএস
সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহার বন্ধ করতে চীনে সরকারি কর্মকর্তাদের গাড়িতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপন করা হবে। দুর্নীতি দমন সংস্থার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
দুর্নীতি দমন সংস্থা বিলাসী জীবনযাপনকারী দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে এ ব্যবস্থা নিয়েছে।
সেন্ট্রাল কমিশন অব ডিসিপ্লিন ইনসপেকশন নামের ওই সংস্থার বরাত দিয়ে বেইজিং টাইমস পত্রিকা জানিয়েছে, দেশটির প্রায় দুই লাখ সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন সংস্থা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অঞ্চলের কাছে গাড়ির খরচের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। বেইজিং টাইমস আরও জানিয়েছে, এর আগে দক্ষিণ চীনের গুয়াংজু শহরে ২০১১ সালে একই ধরনের একটি পরিকল্পনা নেওয়া হয়। শহর কর্তৃপক্ষের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর প্রায় চার কোটি ২০ লাখ ইউয়ান (৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার) খরচ বেঁচে যায়। রয়টার্স।