সরকারি নীতির নেতিবাচক প্রভাবে শিকার যুক্তরাজ্যের মুসলিম
নিরাপত্তা বিধান ও উগ্রবাদ ঠেকানোর নামে যুক্তরাজ্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো দেশটির মুসলিম জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকারের নীতির কারণে দেশটিতে মুসলিমদের প্রতি নেতিবাচক ধারণা আরও জোরালো হয়েছে এবং তাঁদের প্রতি নিন্দা ও ঘৃণাজনিত আক্রমণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক হিউম্যান রাইটস কমিশনের (আইএইচআরসি) এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে। এ নিয়ে আজ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিসিবি।
ওই প্রতিবেদন নিয়ে বিবিসির খবরে বলা হয়, আইএইচআরসি মোট এক হাজার ৭৮২ জন ব্যক্তির ওপর জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ উত্তরদাতার উপলব্ধি, যুক্তরাজ্যের রাজনীতিকেরা মুসলিমদের কল্যাণের কোনো ধার ধারেন না। ৫৬ শতাংশ বলেছেন, তারা মুসলিম বিদ্বেষী গালিগালাজের শিকার হয়েছেন। ১৮ শতাংশ উত্তরদাতা ঘৃণাজনিত আক্রমণের শিকার হয়েছেন।
একই সংগঠনের ২০১০ সালে করা একটি জরিপে ২০ শতাংশেরও কম উত্তরদাতা বলেছিলেন সে সময়ের সরকারি নীতি মুসলিমবিদ্বেষকে উসকে দিয়েছিল। কিন্তু বর্তমান জরিপে ৫৯ শতাংশ উত্তরদাতা মনে করেন সরকারের বর্তমান নীতি মুসলিমবিদ্বেষকে উসকে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন মুসলিম হওয়ার কারণে সমাজ তাঁদের সন্দেহের চোখে দেখছে। ৯৩ শতাংশ উত্তরদাতার অভিমত, যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো সব সময় মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করছে।
এই গবেষণার কর্ম সম্পাদক আরজু মেরালি বলেন, আমরা এমন এক পরিবেশে বসবাস করছি যেখানে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হয় এবং মুসলিমদের জন্য জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত সরকারি নীতিগুলোর প্রভাব মুসলিমদের স্তব্ধ করে দিতে ভূমিকা রেখেছে। শুধু রাজনৈতিক বিষয়ে কথা বলা নয়, তাঁরা এখন মুসলিমবিদ্বেষ নিয়েও কথা বলার সাহস হারিয়ে ফেলেছেন।
গবেষণা প্রতিবেদনের এমন চিত্র আরও বেশি বাস্তব হয়ে উঠে মাত্র কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করা কলেজ শিক্ষার্থী ইমানের কথায়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণী বলেন, ইসলাম গ্রহণ করার পরপরই কলেজ কর্তৃপক্ষ তাঁকে উগ্রবাদী হিসেবে সন্দেহ করে এবং তাঁর বিষয়ে সরকারের উগ্রবাদ দমন ইউনিটকে অবহিত করে।
ইমান বলেন, ‘গত রমজানের দু সপ্তাহ আগে আমি ইসলাম গ্রহণ করি এবং হিজাব পরিধানের সিদ্ধান্ত নিই। বিষয়টি স্বাভাবিক করার জন্য শিক্ষককে জানাই যে আমি রোজা পালন করব। আমার মনে হয়, আমার বিরুদ্ধে উগ্রবাদ দমন ইউনিটকে জানাতে ওইটুকুই তাদের জন্য যথেষ্ট ছিল। তারা হয়তো ভেবেছেন আমি আইএসের (ইসলামিক স্টেট) হয়ে কাজ করছি অথবা সিরিয়ায় পাড়ি জমাচ্ছি।’
ইমান বলেন, ওই ঘটনার পর উগ্রবাদ দমন ইউনিটের কর্তারা তাঁর সঙ্গে বৈঠক করেন। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে নানা প্রশ্ন করে ওই সব কর্তারা সন্তুষ্ট হন। এরপর তাঁকে ব্রিটিশ গোয়েন্দাদের পক্ষে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। এই তরুণী আরও বলেন, ‘পরিস্থিতি এমন, আমি একজন সাধারণ মুসলিম তরুণী হয়ে থাকতে পারব না। আমাকে হয় উগ্রবাদী হতে হবে, না হয় উগ্রবাদ দমনে সরকারকে সাহায্য করতে হবে। যেন মুসলিমদের মাঝামাঝি কোনো অবস্থান নিতে নেই’।
সরকারের পক্ষ থেকে বলা হয়, মুসলিম বিদ্বেষ দমনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, শত শত ব্রিটিশ নাগরিক সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়ার প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার উগ্রবাদ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়।