
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে কোনো সরকারি পদে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছেন আদালত। কর নিয়ে প্রতারণার দায়ে গতকাল শনিবার মিলানের একটি আদালত সিনেটর পদে থাকা বেরলুসকোনির বিরুদ্ধে এই রায় দেন।
বিতর্কিত রাজনীতিক বেরলুসকোনির বিরুদ্ধে এই রায় এখনই কার্যকর হচ্ছে না। তাঁর সিনেটর পদ থাকবে কি না, তা ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে। এ ব্যাপারে আগামী মাসে সিনেটে ভোটাভুটি হবে বলে মনে করা হচ্ছে।
বেরলুসকোনির বিরুদ্ধে গতকাল মিলানের আদালতের রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির আবেদনেরই প্রতিফলন ঘটে। তাঁর বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা চেয়েছিলেন কৌঁসুলিরা। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বেরলুসকোনি। আপিল গৃহীত হলেও নিষেধাজ্ঞা থেকে রেহাই মিলবে না তাঁর। নিষেধাজ্ঞার মেয়াদ কমে এক বছর হতে পারে মাত্র।
কর প্রতারণার মামলায় গত ১ আগস্ট বেরলুসকোনিকে দোষী সাব্যস্ত করেন সুপ্রিম কোর্ট। তাঁকে চার বছরের সাজা দেওয়া হয়। পরে আদালত তা কমিয়ে এক বছর করেন। এখন সিনেট তাঁর বিরুদ্ধে অবস্থান নিলে তাঁকে এক বছর গৃহবন্দী থাকা বা জনসেবামূলক কাজের যেকোনো একটি করতে হবে। তবে সরকারি পদে থাকার বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়ে বিচার বিভাগীয় পর্যালোচনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এদিকে আদালত বেরলুসকোনিকে সরকারি পদে দুই বছরের জন্য নিষিদ্ধ করলেও সিনেট তাঁর সদস্যপদ বাতিল করলে তিনি ছয় বছর নিষেধাজ্ঞার মুখে পড়বেন। কারণ ওই ভোটাভুটি হবে ভিন্ন একটি আইন অনুযায়ী।
৭৬ বছর বয়সী বেরলুসকোনি অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়েও দণ্ডিত হয়েছেন। পার্লামেন্টের সদস্য হিসেবে দায়মুক্তি থাকার যুক্তি দেখিয়ে এর বিরুদ্ধে লড়াই করছেন তিনি। সিনেটর পদ হারালে ওই দায়মুক্তির সুযোগ হারাবেন বেরলুসকোনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কিছু অভিযোগের বিচার চলছে।
বেরলুসকোনিকে সিনেট থেকে অপসারণ করতে ইতিমধ্যে চলতি মাসের শুরুর দিকে বিশেষ সিনেট কমিটি কাজ শুরু করেছে। রয়টার্স।