সরকারি বাসভবন না ছাড়ার ব্যাখ্যা চান সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অথবা সাংসদ পদ থেকে বিদায় নেওয়ার পরও দিল্লির সরকারি বাসভবন না ছাড়ায় এবার ক্ষুব্ধ হয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মন্ত্রিত্ব বা সাংসদ পদে না থাকা সত্ত্বেও কেন তাঁরা সরকারি বাসভবন বা বাংলো নিজেদের দখলে রেখেছেন, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

গত ৮ মে সংবাদপত্রে প্রকাশিত ওই সব মন্ত্রী, সাংসদ ও আমলাদের তালিকা দেখে ২২ জন সাবেক মন্ত্রী, সাংসদ ও আমলাদের সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে সমাজকর্মী সুভাষচন্দ্র আগরওয়াল সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোধা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

এর আগে অবশ্য ভারতের নতুন সাংসদদের জায়গা করে দেওয়ার জন্য সাবেক ২৬৫ জন সাংসদ ও ৫৫ জন মন্ত্রীকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছিল ভারতের লোকসভা বা পার্লামেন্ট সচিবালয়। এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩ জন সাংসদের মধ্যে ৩২০ জন নতুন সাংসদ নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন কয়েকজন মন্ত্রীও।
নতুন সাংসদদের রাজধানী দিল্লিতে থাকার জন্য এই উদ্যোগ নিয়েছে লোকসভা সচিবালয়।

লোকসভা সচিবালয়ের মহাসচিব পি শ্রীধরণ ২৬৫ জন সাংসদ ও ৫৫ জন মন্ত্রীকে অবিলম্বে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এইসব বাড়িঘর সংস্কার করে তা নতুন সাংসদ ও নতুন মন্ত্রীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

এখন দিল্লিতে অবস্থিত বিভিন্ন রাজ্যের গেস্ট হাউস এবং আইটিডিসি হোটেলে নতুন সাংসদ ও মন্ত্রীদের অস্থায়ীভাবে রাখা হয়েছে।