সরকারি ব্যয় হ্রাস নিয়ে সংকট রয়েই যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিসক্যাল ক্লিফ’ এড়াতে শেষ মুহূর্তে সমঝোতা হলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তাকিয়ে থাকতে হচ্ছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দিকে। প্রতিনিধি পরিষদে পাস হলে ‘ফিসক্যাল ক্লিফ’ এড়ানো সম্ভব হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, সিনেটে পাস হওয়া বিলটি সাময়িকভাবে অর্থনৈতিক মন্দা দূরে ঠেলে দিতে সক্ষম হবে। যদিও ফিসক্যাল ক্লিফের আওতায় বেশ কিছু খাতে সরকারি ব্যয় হ্রাস নিয়ে সংকট জিইয়ে থাকছে। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী রিপাবলিকান পার্টি ফিসক্যাল ক্লিফ এড়ানোর ব্যাপারে গত মঙ্গলবার শেষ মুহূর্তে একমত হয়। এ-সংক্রান্ত একটি বিল সিনেটে পাসও হয়। এই বিলে উচ্চবিত্তদের কর বাড়ানোর প্রস্তাব করা হয়। এতে বলা হয়, বসতবাড়ি দিয়ে যাঁদের বছরে সাড়ে চার লাখ ডলারের বেশি আয় হয়, তাঁদের কর বাড়বে। অন্যদিকে, বিলে মধ্যবিত্তদের কর স্থায়ীভাবে কম রাখার কথা বলা হয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ট্যাক্স পলিসি সেন্টার জানায়, আইন পাস হলে বাড়ি দিয়ে আয়কারীদের বছরে সাড়ে তিন হাজার ডলার বেশি কর গুনতে হবে।ফিসক্যাল ক্লিফ এড়ানো সম্ভব না হলে মার্কিন করদাতা সবারই ব্যাপকহারে কর বেড়ে যাবে। একই সঙ্গে সরকারের সামজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো জনবান্ধব খাতগুলোতে সরকারি ব্যয় হ্রাস পাবে। কোনো কোনো ক্ষেত্রে তা একেবারেই বন্ধ হয়ে যাবে। সিনেটে পাস হওয়া বিলে করের বিষয়টি ভালোভাবে উল্লেখ করা হলেও সরকারি ব্যয় হ্রাসের সংকট নিয়ে সুস্পষ্টভাবে খুব বেশি কিছু বলা হয়নি। এর কারণ ব্যয় হ্রাসের সংকট নিয়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নেতারা মতৈক্যে পৌঁছাতে পারেননি। সামরিক ও বেসামরিক এ দুই খাতেই সরকারি ব্যয় হ্রাসের সংকট জিইয়ে থাকছে। গত মঙ্গলবার দুই দলের আলোচনায় এ ব্যাপারে যে সমঝোতা হয়েছে তা হলো, আগামী দুই মাসের জন্য এই বিষয়টি স্থগিত রাখা। ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের অর্থনীতিবিদ মেনজি চিন বলেন, সিনেটে পাস হওয়া বিল প্রতিনিধি পরিষদেও পাস হলে মার্কিন অর্থনীতি সাময়িকভাবে স্বস্তি দেবে। ডয়েচে ব্যাংকের অর্থনীতিবিদ ব্রেট রায়ান বলেন, ফিসক্যাল ক্লিফ এড়াতে যে প্যাকেজ পাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে তিন ভাগের এক ভাগ সরকারি ব্যয় হ্রাসের সংকট জিইয়ে থাকছে। বিশ্লেষকেরা বলছেন, ফিসক্যাল ক্লিফের কারণে মার্কিন বেকার তরুণদের বিশেষ সুবিধা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় চিকিৎসকদের আর্থিক সুবিধা বন্ধ হয়ে যাবে। সিনেটে পাস হওয়া বিলে এই বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ নতুন আইন হলেও বেকার তরুণ ও চিকিৎসকদের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে।