ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকারে সোনিয়া গান্ধীর প্রভাব নিয়ে এবার বই লিখেছেন পরিকল্পনা কমিশনের বিদায়ী সদস্য অরুণ মায়রা৷ তিনি তাঁর বইয়ে দাবি করেছেন, সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) দুটি সরকারের আমলে সব ধরনের নিয়োগ এবং নীতিনির্ধারণে কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর সিদ্ধান্তই ছিল চূড়ান্ত৷
রিডিজাইনিং দি অ্যারোপ্লেন হোয়াইল ফ্লাইং-রিফর্মিং ইনস্টিটিউশনস শিরোনামের বইয়ে মায়রা লিখেছেন, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার পর সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরিবর্তে ওই পদে মনমোহন সিংকে নিয়োগ দেন৷ কিন্তু সোনিয়া নিজে প্রধানমন্ত্রী না হলেও গুরুত্বপূর্ণ সব ধরনের নিয়োগ এবং নীতিনির্ধারণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেন৷ এখন তাঁর ছেলেকে সেই পরিবারতান্ত্রিক দায়িত্ব পালন এবং কংগ্রেসকে নেতৃত্ব দিতে বলা হচ্ছে৷
এর আগে দি অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার: দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অব মনমোহন সিং বইয়ে প্রধানমন্ত্রী মনমোহনের সাবেক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সঞ্জয় বারু ও সাবেক কয়লাসচিব পিসি পারাখ ক্রুসেডার অর কনস্পিরেটর: কোলগেট অ্যান্ড আদার ট্রুথস বইয়ে একই রকম দাবি করেন৷ পিটিআই৷