
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের অস্ত্রবিরতির প্রস্তাবে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন বিদ্রোহীদের নেতা রিক মাচার। তিনি বলেছেন, অস্ত্রবিরতি বিশ্বাসযোগ্য হতে হবে এবং তা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে।
পূর্ব আফ্রিকার আটটি দেশের নেতারা দক্ষিণ সুদানের পরিস্থিতি নিয়ে গত শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে বৈঠক করেন। ওই বৈঠক চলার সময় দক্ষিণ সুদানের সরকার বিদ্রোহীদের প্রতি অস্ত্রবিরতির প্রস্তাব করে। ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পূর্ব আফ্রিকার দেশগুলোর নেতারা।
সরকারের অস্ত্রবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় রিক মাচার বিবিসিকে বলেন, আলোচনার জন্য তাঁর একটি দল প্রস্তুত রয়েছে। কিন্তু অস্ত্রবিরতির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং তা বিশ্বাসযোগ্য হতে হবে। অস্ত্রবিরতি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, অস্ত্রবিরতি পর্যবেক্ষণের কৌশল প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো পক্ষ এককভাবে অস্ত্রবিরতি ঘোষণা করলেও অন্য পক্ষ সংশয়ে থাকে।’ সরকারের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছেন মাচার।
নাইরোবিতে বৈঠকে অংশগ্রহণের পর দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি বলেন, বিদ্রোহীরা অস্ত্রবিরতি মানলে ইউনিটি স্টেটের রাজধানী বেন্টুর নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী আক্রমণ চালাবে না। দক্ষিণ সুদানের সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘অস্ত্রবিরতির মূল বিষয়গুলো শিগগিরই কার্যকর হচ্ছে।’ সরকারের মুখপাত্র আটেনি উয়েক আঞ্চলিক বেতার টামাজাজে বলেন, ‘এটা একতরফা অস্ত্রবিরতি নয়, বিদ্রোহীরা অস্ত্রবিরতির প্রস্তাব মেনে নেয় কি না, তার ওপর বিষয়টি নির্ভর করছে।’
নাইরোবিতে বৈঠক শেষে পূর্ব আফ্রিকার নেতারা বলেন, সহিংস পরিস্থিতির সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করাকে তাঁরা মেনে নেবেন না। উভয় পক্ষকে আলোচনায় বসে সংকট সমাধান করতে আহ্বান জানান তাঁরা।
শান্তিরক্ষী বাহিনীর একটি দল জুবায়: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রথম দল গত শুক্রবার জুবায় পৌঁছেছে। দেশটিতে রক্তপাত বন্ধে শান্তিরক্ষী বাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশের ৭২ সদস্যের পুলিশের একটি দল জুবায় পৌঁছেছে। কঙ্গো প্রজাতন্ত্র থেকে বিশেষ বিমানে করে তাঁদের জুবায় নেওয়া হয়। বিশৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষিত পুলিশের এ দলটি জুবায় জাতিসংঘের শিবিরে আশ্রয় নিতে সাধারণ মানুষকে সহায়তা দেবে।
নিউইয়র্কে জাতিসংঘের একজন মুখপাত্র জানান, নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাহিনীর ছয় হাজার বাড়তি সদস্য পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, পুলিশের দলটি তা থেকে আলাদা। গতকাল শান্তিরক্ষী বাহিনীর বাড়তি সদস্যদের জুবায় পৌঁছার কথা।
১৫ ডিসেম্বর ‘ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার’ পর দক্ষিণ সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে রিক মাচারের সমর্থকেরা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে। যদিও মাচার এ অভিযোগ অস্বীকার করেছেন। গত জুলাইয়ে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে মাচারকে সরিয়ে দেন প্রেসিডেন্ট কির। বিবিসি ও এএফপি।