সরকারের কর্মসূচির সমালোচনা করলেন অস্ট্রেলীয় মুসলিম নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম যুবকদের চরমপন্থা থেকে সরিয়ে আনতে অস্ট্রেলীয় সরকারের নেওয়া ১০০ কোটি ডলারের কর্মসূচির সমালোচনা করেছেন দেশটির বিশিষ্ট মুসলিম নেতা সামিয়ের ডানডান। তিনি বলেছেন, এই কর্মসূচিতে কেবল আইন প্রয়োগের ওপরই জোর দেওয়া হয়েছে, যেসব কারণে মুসলিম যুবকেরা চরমপন্থায় জড়িয়ে পড়ছে, সেদিকে দৃষ্টি দেওয়া হয়নি। খবর রয়টার্সের।
শ খানেক অস্ট্রেলীয় মুসলিম যুবক সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে। এর প্রেক্ষাপটে মুসলিম যুবকদের চরমপন্থী হওয়া রোধ করতে নয় মাস ধরে কর্মসূচি নিয়েছে অস্ট্রেলীয় সরকার। তবে অস্ট্রেলিয়ার লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সামিয়ের ডানডান ওই কর্মসূচিকে ‘বিশৃঙ্খল’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, চরমপন্থার পেছনে ব্যাপক মাত্রায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আছে। বিশ্বব্যাপী নানা গবেষণায় এটি প্রমাণিত। তবে অস্ট্রেলীয় সরকার চরমপন্থা রোধ করতে যে ব্যবস্থা নিয়েছে, তাতে নিরাপত্তার নামে মানুষের অধিকার খর্ব করা হচ্ছে।
লেবাননি বংশোদ্ভূত সামিয়ের ডানডান আরও বলেছেন, চরমপন্থার মূল কারণ অসাম্য। অস্ট্রেলিয়ার সরকার এটি বুঝতে পারেনি।
গতকাল বুধবার এক মন্তব্য প্রতিবেদনে এসব লিখেছেন সামিয়ের ডানডান। প্রকাশিত হওয়ার আগে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এটি দেখান।
সরকারের ভাষ্য, মধ্যপ্রাচ্য ফেরত চরমপন্থীদের হামলার ‘ব্যাপক’ ঝুঁকির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি এদের ধরতে বেশ কয়েকবার বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে।