শক্তিশালী লোকপাল বিলের দাবিতে অনশনরত সমাজকর্মী আন্না হাজারের সমর্থকেরা অভিযোগ করেছেন, সরকারের প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে পুরো সংলাপ-প্রক্রিয়া ভণ্ডুল হচ্ছে। টিম আন্নার সদস্যরা বলছেন, তাঁরা কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির শিকার। গতকাল বুধবার আন্নার একটানা অনশনের দশম দিনে তাঁরা এই অভিযোগ করেন।এদিকে লোকপাল বিল নিয়ে টিম আন্নার সঙ্গে অচলাবস্থা নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে সরকার। লোকসভায় বিল নিয়ে বিতর্কের বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন বলেন, লোকপাল বিলের সব দিক নিয়ে বিতর্কে যেতে সরকার প্রস্তুত।দুর্নীতিবিরোধী আন্দোলনে আন্নার সহযোগী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, আন্তরিকতা ও সততার মনোভাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে তাঁরা প্রস্তুত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও এইচআরডি মন্ত্রী কপিল সিবাল লোকপাল বিল নিয়ে আপসরফা না করার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। অরবিন্দ বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারের মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি আছেন, যাঁরা পুরো সংলাপ-প্রক্রিয়া ভণ্ডুল করতে চান। আমরা জানতে পেরেছি যে সরকারের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে বিশেষ করে চিদাম্বরম ও সিবাল সংলাপ এবং লোকপাল নিয়ে যেকোনো ধরনের আপসের বিরোধিতা করছেন। তাঁরা আমাদের কঠোরভাবে মোকাবিলা করতে সরকারকে প্ররোচিত করছেন।গতকাল দুর্নীতি নিয়ে বিতর্কের বিষয়ে মনমোহন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে একটি শক্তিশালী লোকপাল আইন দেওয়া। এ জন্য তাঁরা লোকপাল বিলের সব দিক নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। মনমোহন আবার অনশন ভঙ্গে আন্নার প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি তাঁর আদর্শকে শ্রদ্ধা করি। তাঁর প্রশংসা করি এবং তাঁকে অভিবাদন জানাই।’ আন্না বলেন, সম্প্রতি পার্লামেন্টে পেশ করা দুর্নীতি দমন বিলের খসড়া বাতিল ও সুশীল সমাজের নেতাদের সমন্বয়ে গড়া কমিটির মাধ্যমে আরও লোকপাল বিলের খসড়া না হওয়া পর্যন্ত তাঁর এই অনশন চলবে। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।