সরকারের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব আনতে পারে তৃণমূল
কংগ্রেসের নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে মুলতবি প্রস্তাব আনার কথা বিবেচনা করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সরকারের ‘জনস্বার্থবিরোধী’ নীতির বিরুদ্ধে এ প্রস্তাব লোকসভার আগামী শীতকালীন অধিবেশনেই আনা হতে পারে। ইতিপূর্বে দলটি কেন্দ্রীয় সরকারের ওপর থেকে তার সমর্থন প্রত্যাহার করে নেয়।পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকারের বিরুদ্ধে ১৯৩ ধারার আওতায় পদক্ষেপ গ্রহণ এবং ১৮৪ ধারার অধীন মুলতবি প্রস্তাব উত্থাপনসহ সব বিকল্প বিবেচনা করছি। মুলতবি প্রস্তাব গৃহীত হলে সরকারের ওই সব নীতির ওপর পার্লামেন্টে ভোটাভুটি হবে।’সুদীপ বলেন, ‘উভয় পক্ষের অনেক রাজনৈতিক দল (ক্ষমতাসীন ইউপিএ জোট ও বিরোধী দলগুলো) আমাদের এই পদক্ষেপে সমর্থন দেবে।’ এসব দলের নাম প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। পিটিআই।