সরকারের সঙ্গে মাওবাদীদের আলোচনায় মধ্যস্থতা করতে রাজি কবীর সুমন
মাওবাদী সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের সঙ্গে মাওবাদীদের আলোচনার পথ প্রশস্ত করতে একপায়ে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ ও প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কবীর সুমন বলেছেন, তাঁর আপত্তি নেই একজন মধ্যস্থতাকারী হতে। মাওবাদীদের সঙ্গে সরকারের আলোচনা প্রসঙ্গে মাওবাদী নেতা কিষেনজি গত রোববার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাত্কারে জানিয়ে দেন, তাঁরা অস্ত্র সংবরণ করবেন না। বরং সরকারের সঙ্গে আলোচনায় বসতে তাঁরা মধ্যস্থতাকারী হিসেবে চাইছেন তৃণমূল সাংসদ ও প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন, প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায় এবং সাবেক আইএএস কর্মকর্তা বি ডি শর্মাকে। কিষেনজি বলেছেন, তাঁরা মধ্যস্থতা করলে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে। তবে সেই আলোচনা অস্ত্র সংবরণ করে নয়।কিষেনজির এই ডাকে সাড়া দিয়ে কবীর সুমন বলেছেন, তিনি বরাবরই চেয়েছেন জঙ্গল মহলের আদিবাসীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হোক। এই লক্ষ্যে তিনি এখন মধ্যস্থতা করতেও রাজি।কবীর সুমন বলেন, ‘যদি ভারত সরকার আমাকে একজন মধ্যস্থতাকারী হিসেবে চায় এবং আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুমতি দেন, তাহলে এই আলোচনার মধ্যস্থতা করতে আমি রাজি। জঙ্গল মহলের গরিব মানুষের কথা ভেবেই আমি এই সম্মতি জানাচ্ছি।’এদিকে সোমবার কবীর সুমন তাঁর দল তৃণমূল কংগ্রেসের কাছে অনুমতি চেয়েছেন মধ্যস্থতাকারী হওয়ার জন্য। তিনি দলের চিফ হুইপ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ৪৮ ঘণ্টা সময় দিয়ে আরজি জানিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যে দল তাঁকে অনুমতি না দিলে তিনি আগ বাড়িয়েই এগিয়ে যাবেন মাওবাদী সমস্যা সমাধানের জন্য।কিষেনজির এই বক্তব্য শোনার পর অবশ্য লেখিকা অরুন্ধতী রায় জানিয়ে দেন, তিনি লেখিকা। মধ্যস্থতা করা তাঁর কাজ নয়। তিনি মাওবাদীদের প্রতিনিধিত্ব করতেও চান না। তবে যদি আলোচনা হয় সেখানে তিনি একজন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারেন। বি ডি শর্মা অবশ্য মধ্যস্থতা করতে রাজি হয়েছেন।আর কিষেনজির এই প্রস্তাব শুনে বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেছেন, ‘আলোচনার সদিচ্ছা থাকলে ঠিক জায়গায় ঠিকভাবে বক্তব্য পেশ করতে হবে।’ একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, অস্ত্র না ছাড়লে কীভাবে আলোচনা সম্ভব? যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই বলে দিয়েছেন, অস্ত্র না ছাড়লে মাওবাদীদের সঙ্গে কোনো আলোচনা নয়।এদিকে পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুরের ভালুকবাসা জঙ্গলে গত রোববার মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে অন্তত পাঁচজন মাওবাদীর মৃত্যু হয়েছে। শুক্রবার বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার সারুলিয়ার একটি স্কুল থেকে অপহূত হওয়া প্রধান শিক্ষক রণজিত্ দুলেকে মাওবাদীরা ভালুকবাসা জঙ্গলের কদমবাঁধি গ্রামের একটি ক্লাবঘরে আটকে রেখেছে—এই খবর পাওয়ার পরই যৌথ বাহিনী তল্লাশি অভিযান শুরু করলে লড়াই বাধে মাওবাদীদের সঙ্গে। পরে রণজিত্ দুলেকে মাওবাদীরা ছেড়ে দেয়।