সরকারের সঙ্গে শান্তি আলোচনার কথা নিশ্চিত করেছে তালেবান
পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছে দেশটির জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে বিদ্যমান তিক্ততা আরও বাড়তে পারে।ইসলামাবাদের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে টিটিপির দ্বিতীয় শীর্ষ নেতা মৌলভি ফকির মোহাম্মদ বলেন, ‘আমাদের আলোচনা সঠিক পথেই এগোচ্ছে। সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে বাজাউর অঞ্চলে একটি চুক্তি সম্পাদন করা সম্ভব হলে সোয়াত, মোহমান্দ, ওরাকজাই, দক্ষিণ ওয়াজিরিস্তানসহ অন্যান্য অঞ্চলে সক্রিয় তালেবানরাও চুক্তি করবে।’ফকির মোহাম্মদ বলেন, সরকারকে আরও নমনীয় অবস্থানে আসতে হবে। তালেবানের আস্থা পুনরুদ্ধারের জন্য বন্দীদের মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে। সরকার বুঝতে পেরেছে যে সামরিক বাহিনী দিয়ে পাকিস্তানে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব নয়। নিজ দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে দেশ ধ্বংসের কোনো পরিকল্পনা নেই টিটিপির।বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাকিস্তান সরকার টিটিপির ১৪৫ জন সদস্যকে মুক্তি দিয়েছে এবং ওই জঙ্গিরা অস্ত্রবিরতির অঙ্গীকার করেছে বলে জানান ফকির মোহাম্মদ। ভিনদেশি অমুসলিমদের দখলদারির বিরুদ্ধে পাকিস্তান ও আফগানিস্তানকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। রয়টার্স ও এএফপি।