সরকারের সঙ্গে সম্পর্কের বরফ গলতে পারে সু চির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল সোমবার সে দেশের সরকারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে এটাই সু চির প্রথম বৈঠক। ধারণা করা হচ্ছে, এ বৈঠকের ফলে নোবেলজয়ী সু চি ও সামরিক বাহিনীসমর্থিত সরকারের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।গতকাল ইয়াঙ্গুনের রাষ্ট্রীয় অতিথি ভবনে মিয়ানমারের শ্রমমন্ত্রী অং চির সঙ্গে এক ঘণ্টার বেশি সময় বৈঠক করেন সু চি। এর আগে গত রোববার সকালে সু চিকে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।বৈঠকের পর দুই পক্ষ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই পক্ষেরই ইতিবাচক ও সন্তোষজনক দৃষ্টিভঙ্গি ছিল। মিয়ানমারের জনগণের জন্য যেসব বিষয় মঙ্গলজনক, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।মিয়ানমারের সাবেক সরকারের শাসনামলে অং চি সামরিকজান্তা ও সু চির সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করেছেন। এ সময় সু চির সঙ্গে নয়বার বৈঠক করেন অং চি। এসব বৈঠক সময়ের অপচয়মাত্র মর্মে যে সমালোচনা হয়েছে, অং চি তা নাকচ করেছেন। তবে সু চির সঙ্গে তাঁর আরও বৈঠক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিবৃতি দেওয়ার সময় অং চি সাংবাদিকদের বলেন, ‘আগের বৈঠকগুলোতে কিছু অগ্রগতি হয়েছে। আশা করি, বৈঠকগুলো থেকে ভালো ফল বেরিয়ে আসবে।’ এ সময় সু চি তাঁর সঙ্গে ছিলেন।অং চি বলেন, জনগণকে সহায়তা করার সম্ভাব্য ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, অনৈক্য দূর করা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর থেকেই সু চি সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং সরকারের সঙ্গে সু চির বৈঠক অগ্রগতিকেই নির্দেশ করছে। রয়টার্স ও এএফপি।