সরকারের সঙ্গে সু চির বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আজ সোমবার সরকারের এক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্র মিয়ানমারকে গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানানোর পর এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার রাতে মিয়ানমারের একজন কর্মকর্তা এ কথা জানান।গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর থেকে সু চি সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তবে সরকার তাঁর আহ্বানে সাড়া দেয়নি। গত বছর নভেম্বরে মিয়ানমারে বিতর্কিত নির্বাচন হয়। এর কয়েক দিন পর সু চি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। একজন সরকারি কর্মকর্তা জানান, সোমবার বিকেলে ইয়াঙ্গুনে সু চি শ্রমমন্ত্রী অং কির সঙ্গে বৈঠকে বসবেন। মিয়ানমারের সাবেক সরকারের শাসনামলে অং কি সামরিক জান্তা ও সু চির সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করেন। ওই কর্মকর্তা বলেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে এটাই সু চির প্রথম বৈঠক।’ সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একটি সূত্র জানায়, গতকাল রোববার সকালে নোবেল বিজয়ী সু চিকে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। তবে সু চির মুখপাত্র নিয়ান উইন ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেননি। এএফপি।