সরকারের ৮ দফা প্রস্তাব প্রত্যাখ্যান সৈয়দ আলীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে চলমান সংকট সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া আট দফা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের কট্টরপন্থী অংশের নেতা সৈয়দ আলী গিলানি। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত শনিবার নতুন করে আলোচনা শুরু এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনাসহ আট দফা প্রস্তাব দেন।পরিস্থিতি বুঝতে গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের পক্ষে কাশ্মীর সফর করে সর্বদলীয় একটি প্রতিনিধিদল। প্রধান বিরোধী দল বিজেপিসহ বিভিন্ন দলের ৩৭ জন সাংসদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পি চিদাম্বরম। চার দিনের সফরে প্রতিনিধিদল কাশ্মীরের প্রধান প্রধান বিচ্ছিন্নতাবাদী নেতাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে। ওই সফর নিয়ে গত শনিবার সন্ধ্যায় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই বৈঠকেই আট দফা প্রস্তাব গৃহীত হয়। সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পি চিদাম্বরম। তিনি জানান, কাশ্মীর সফর শেষে প্রতিনিধিদল যে প্রতিবেদন জমা দিয়েছে, তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকট সমাধানে গত তিন মাসে এটাই সরকারের প্রথম বড় পদক্ষেপ।কাশ্মীরে তিন মাস ধরে চলা বিক্ষোভে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত জুনে ১৭ বছরের এক ছাত্র ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলে বিক্ষোভ শুরু হয়। এর জের ধরে সংঘাত চলে আসছে। চিদাম্বরম জানান, কাশ্মীরের বিক্ষোভ শান্ত করতে একটি আলোচক দল নিয়োগ করা হবে। এ ছাড়া কাশ্মীর থেকে সেনাসংখ্যা কমানোর বিষয়টিও সরকার বিবেচনা করবে। একই সঙ্গে কিছু কিছু এলাকা থেকে জরুরি আইন প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। জম্মু ও কাশ্মীরে ইটপাটকেল নিক্ষেপ বা এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনায় আটক সব ছাত্রকে ছেড়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানানো হবে। এ ছাড়া গত ১১ জুনের পর থেকে সংঘাতে নিহত প্রতিজনের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির বিষয়টি পর্যালোচনা করার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দেবে কেন্দ্রীয় সরকার।কাশ্মীর থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এই আইনের ফলে নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন যে কাউকে সরাসরি গুলি করতে পারে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। চিদাম্বরম বলেন, ‘আমরা মনে করি, এসব পদক্ষেপ গ্রহণ করা হলে বিক্ষোভকারীসহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন পক্ষের উদ্বেগ কমবে।’তবে সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সৈয়দ আলী গিলানি সাংবাদিকদের বলেন, ‘এসব প্রস্তাব অবাস্তব। সময়ক্ষেপণের জন্য এসব প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ধাপ্পা দেওয়ার জন্য এই কৌশল নিয়েছে সরকার।’গিলানি আরও বলেন, ‘কয়েকজন ছাত্রকে কারাগার থেকে ছেড়ে দিয়ে এবং নিহত ব্যক্তিদের পরিবারকে কিছু পয়সা দিয়ে নয়াদিল্লির শাসকেরা যদি ভাবে, কাশ্মীরের মানুষের ক্ষোভ কমাতে পারবে, তাহলে তারা মস্ত ভুল করবে।’কিছুটা উদারপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন, সরকারের এই প্রস্তাব নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। কাশ্মীরের প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।