সরগরম সস্তা বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুর কিলো ২৫ রুপি, পেঁয়াজ ৩৫, চাল-আটা ২৫ থেকে শুরু, সরিষার তেল এখন একটু কমতির দিকে হলেও ব্র্যান্ড অনুযায়ী ৯৫ থেকে ১০০-এর মধ্যে ঘোরাফেরা করছে। বাজারে এমন কোনো সবজি নেই, যা ৩০ রুপির নিচে। মাছ-মাংসের কথা না তোলাই ভালো। এই গনগনে বাজারে বেহাল মানুষের মাথা আরও গরম করে দিয়েছে দুই কংগ্রেস নেতার বেফাঁস মন্তব্য। কী বলেছেন কংগ্রেস নেতারা? রশিদ মাসুদ বলেছেন, পাঁচ রুপিতে এখনো একজন মানুষের পেটভর্তি খাওয়া হয়ে যায়। কথাটা মগজে থিতু হয়েছে কি হয়নি, সিনেমার রুপালি পর্দা থেকে সরাসরি রাজনীতিতে চলে আসা রাজ বাব্বর বললেন, মুম্বাইয়ে এখনো ১২ রুপিতে একবেলা ভরপেট খাওয়া পাওয়া যায়। ব্যস, শুরু হয়ে গেল সস্তা বিতর্ক। শুরুটা কিন্তু হয়েছিল অন্যরকমভাবে। যোজনা কমিশনের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়, ২০০৪-০৫ থেকে ২০১১-১২-এর মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা যথেষ্ট কমে গেছে। ২০০৪-০৫-এ সারা দেশের ৩৭ দশমিক ২ শতাংশ মানুষ যেখানে ছিল দারিদ্র্যসীমার নিচে, সেখানে ২০১১-১২ সালে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৯ শতাংশে। বর্তমানে শহুরে দরিদ্র মানুষের সংখ্যা ১৩ দশমিক ৭ শতাংশ, গ্রামের ২৫ দশমিক ৭ শতাংশ। এরই পাশাপাশি, দারিদ্র্যসীমা নির্ধারণে নতুন যে রূপরেখা যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া দাখিল করেন, তাতে বলা হয়, পাঁচজনের পরিবারে শহরে মাথাপিছু ৩৩ রুপি ৩০ পয়সা ও গ্রামে ২৭ রুপি ২০ পয়সা খাওয়ার পেছনে যাঁরা দৈনন্দিন খরচ করতে পারেন, তাঁরা দারিদ্র্যসীমার ওপরে।এই থেকেই ‘সস্তা’ বিতর্কের সূত্রপাত। বিজেপির নেতা বিজয় গোয়েল পরের দিনই প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী পি চিদাম্বরম ও যোজনা কমিশনের মন্টেক সিং আলুওয়ালিয়াকে ৩৩ রুপি ৩০ পয়সা মনি অর্ডার করলেন। সঙ্গে একটা চিঠি: খরচ করে দেখুন পেট ভরাতে পারেন কি না। গতকাল বিএসপি নেত্রী মায়াবতী রশিদ মাসুদ ও রাজ বাব্বরকে কটাক্ষ করে বলেছেন, ‘যাঁরা পাঁচ বা বারো রুপিতে পেটভর্তি খাওয়ার কথা বলছেন, তাঁরা দারিদ্র্য কী জানেন না, খিদে কী দেখেননি।’ প্রবল সমালোচনার মুখে পড়ে কংগ্রেসের একটি দল নেমেছে ধাক্কা সামলাতে। কপিল সিবাল ও দিগ্বিজয় সিং আক্রমণ শানিয়েছেন খোদ যোজনা কমিশনের ওপর। দুজনেরই প্রশ্ন, কিসের ভিত্তিতে এভাবে দারিদ্র্যসীমা নির্ধারিত হয়? যোজনা কমিশন নির্বাক। তবে বিজেপি চুপ নেই। তাদের মুখপাত্র শাহনওয়াজ হুসেন গতকাল তির্যক ঢঙে বলেছেন, কংগ্রেসের নেতারা যোজনা কমিশনকে কেন দুষছেন? তাঁরা তো বিলক্ষণ জানেন, যোজনা কমিশনের চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী! সংবাদমাধ্যমগুলো বসে নেই। চ্যানেলে চ্যানেলে খোঁজ হচ্ছে, কোথায় পাঁচ বা বারো রুপিতে পুরো না হলেও অন্তত আধপেটা খাবার পাওয়া যায়! দিল্লি-মুম্বই-কলকাতা চষে দেখা গেছে, সবচেয়ে সস্তা ভারতের সংসদের ক্যানটিন। সেখানে চার রুপিতে ইডলি-বড়া, ছয় রুপিতে মসলা দোসা ও এক রুপিতে চা পাওয়া যায়। কিন্তু দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ তো সেখানে যেতে পারে না।