সরাসরি আলোচনায় রাজি ফিলিস্তিন ও ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মাসের মধ্যে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনা শুরু করতে রাজি হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ কথা জানিয়েছেন। হোয়াইট হাউস বলেছে, শান্তি আলোচনা নিয়ে তারা খুবই আশাবাদী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে হামাস।আগামী ২ সেপ্টেম্বর আলোচনা শুরুর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই নেতাই এক বছরের মধ্যে আলোচনা শেষ করতে সম্মত হয়েছেন।কিন্তু সাংবাদিকেরা বলছেন, একটি সমন্বিত চুক্তির সম্ভাবনা ক্ষীণ। কারণ মূল ইস্যুগুলোতেই দুই পক্ষের মধ্যে গুরুতর মতভিন্নতা রয়ে গেছে।অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ, জেরুজালেমের মর্যাদা, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা ও আগের সীমানায় ফিরে যাওয়াসহ বেশ কিছু স্পর্শকাতর ইস্যুর সমাধান করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।হিলারি ক্লিনটন বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সব ইস্যুর সমাধানের জন্য আবারও সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহু ও আব্বাসকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, তাঁরা বিশ্বাস করেন, এক বছরের মধ্যে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রক্রিয়ায় মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাঁদেরকেও আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।আগামী ১ সেপ্টেম্বর চার নেতার সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট ওবামা। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় চারপক্ষীয় গ্রুপের (কোয়ার্টেট) বিশেষ দূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার সমন্বয়ে এই কোয়ার্টেট গঠিত।২ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিলারি ক্লিনটন, মাহমুদ আব্বাস ও নেতানিয়াহুর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আবারও সরাসরি শান্তি আলোচনা শুরু হবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকতে পারে। তিনি বলেন, ‘কিন্তু কঠিন সময়ের ভেতরও সামনের দিকে এগিয়ে যেতে নিরবচ্ছিন্ন মনোযোগে কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’ মধ্যপ্রাচ্যে চূড়ান্ত শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্যও আহ্বান জানান হিলারি।কোয়ার্টেটের বিবৃতিতে আলোচনার আহ্বান জানিয়ে বলা হয়, আলোচনা সমাধানের দিকে নিয়ে যাবে। ১৯৬৭ সালে অধিকৃত ভূমি থেকে ইসরায়েলের দখলদারির অবসান ঘটাবে। ফলে স্বাধীন, গণতান্ত্রিক ও সাহায্য ছাড়াই টিকে থাকতে সক্ষম ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় ঘটবে। যেটি ইসরায়েল ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি ও নিরাপত্তার সঙ্গে অবস্থান করবে।যুক্তরাষ্ট্রের ঘোষণাকে স্বাগত জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, চুক্তিতে পৌঁছানো অনেক কঠিন, তবে সম্ভব।নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রকৃত ইচ্ছা নিয়েই তাঁরা আলোচনায় যাবে। যা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা স্বার্থকে রক্ষা করবে।প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত বলেছেন, ইসরায়েলিদের সামনে দুটো পথ। একটি বসতি স্থাপন, অন্যটি শান্তি। এরাকাত বলেন, তাঁরা আশাবাদী, ইসরায়েলিরা শান্তির পথই বেছে নেবে। বসতি নির্মাণ অব্যাহত রাখলে শান্তি আলোচনা থেকে সরে আসবে ফিলিস্তিন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন শান্তি আলোচনা সম্পর্কে তারা ‘খুবই আশাবাদী’। প্রেসিডেন্ট বারাক ওবামার কাউন্টার-টেরোরিজম উপদেষ্টা জন ব্রেনান বলেন, ‘আমরা খুবই আশাবাদী।’ এদিকে, আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। অনেকে বলছেন, ইসরায়েলিরা পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ না করলে আলোচনা ফলপ্রসূ হবে না।সরাসরি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে হামাস। হামাসের মুখপাত্র সামি আবু জুহির বলেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা আবার শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। বিবিসি ও এএফপি।