সরে দাঁড়ালেন বরিস জনসন, সামনে এখন টেরেসা ও গোভ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদের প্রার্থিতা থেকে নাটকীয়ভাবে নিজেকে সরিয়ে নিলেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে প্রচার চালানো দলের অন্যতম প্রভাবশালী নেতা বরিস জনসন গতকাল বৃহস্পতিবার আচমকা সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগমুহূর্ত পর্যন্ত তাঁকেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্তরসূরি বলে ধরা হচ্ছিল।
জনসন সরে দাঁড়ানোর ফলে কনজারভেটিভ দলের নেতা হওয়ার প্রতিযোগিতায় এখন মূলত রইলেন ক্যামেরন সরকারের বিচারমন্ত্রী মাইকেল গোভ ও স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। এ পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ব্যক্ত করেছেন কর্ম ও পেনশন-বিষয়কমন্ত্রী স্টিফেন ক্র্যাব, শিক্ষামন্ত্রী নিকি মরগ্যান, মন্ত্রী আন্দ্রিয়া লিডসম ও সাবেক মন্ত্রী লিয়াম ফক্সও।
জনসনের সম্ভাব্য প্রার্থিতার পক্ষে প্রচার চালাচ্ছিলেন ইইউ-বিরোধী প্রচার দলের আরেক নেতা গোভ। কিন্তু গত বুধবার তাঁকে লেখা এক ই-মেইলবার্তায় স্ত্রী সারাহ ভাইন জনসনের জয়ের ক্ষেত্রে সম্ভাব্য বাধার বিষয়ে ইঙ্গিত দেন। সেই সঙ্গে ভবিষ্যৎ সরকারে তাঁর (গোভ) ভূমিকা কী হবে সে ব্যাপারে জনসনের কাছ থেকে ‘সুনির্দিষ্ট নিশ্চয়তা’ চাইতে বলেন।
এই ই-মেইলের পরদিন গতকাল গোভ নিজেই দলের নেতা ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানান। এর কারণ হিসেবে গোভ যুক্তি দেন, অনেক ভেবেচিন্তে তিনি এ সিদ্ধান্তে এসেছেন যে জনসন ওই পদে নেতৃত্ব দেওয়ার উপযোগী নন।

গোভের এ রকম বক্তব্য ও প্রার্থী হওয়ার ঘোষণার পরই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পাকাপাকি কথা জানান জনসন। এর আগে জনসন তাঁর প্রার্থিতার পক্ষে সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী লিজ ট্রুসসহ দলের ১০০ আইনপ্রণেতার সমর্থন পান।
কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার মনোনয়ন দাখিলের বিষয়টি গত বুধবার সন্ধ্যায় শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলে। যুক্তরাজ্যে গত সপ্তাহে হওয়া গণভোটের ফলাফলের জেরে প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর শুরু এ পদে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা।
দলের ভেতর কয়েক দফা ভোটের পর সম্ভাব্য প্রার্থীদের এ সংখ্যা দুইয়ে নামিয়ে আনা হবে। পরে এ দুজনের মধ্য থেকে দলের সদস্যরা একজনকে বেছে নেবেন। সম্ভবত চূড়ান্ত দুই প্রার্থী হচ্ছেন গোভ ও মে।
এখন গোভ ও মে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করবেন। পার্লামেন্টের কতজন রক্ষণশীল সদস্য তাঁদের সমর্থন করেন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটের রায়ের পর দলকে কীভাবে তাঁরা ঐক্যবদ্ধ করবেন তুলে ধরবেন সেসব বিষয়ও।
আগামী অক্টোবরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেওয়া ক্যামেরন ১০ বছর ধরে কনজারভেটিভ দলের নেতার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ২০১০ সালের মে মাস থেকে। ব্রেক্সিটের পক্ষে ব্রিটিশ জনগণের রায়ের পর তিনি বলেছেন, ইইউ থেকে তাঁর দেশের বিচ্ছেদ ঘটানোর প্রক্রিয়া নিয়ে জোটের সঙ্গে সমঝোতার দায়িত্ব একজন নতুন নেতার নেওয়া প্রয়োজন।