সরে দাঁড়ালেন রিক স্যান্টোরাম
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-দৌড় থেকে সরে দাঁড়ালেন রিক স্যান্টোরাম। ফলে প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকা মিট রমনির মনোনয়ন পাওয়া এখন অনেকটা নিশ্চিত। পেনসিলভানিয়ার সাবেক গভর্নর গতকাল মঙ্গলবার তাঁর গেটিসবার্গের বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বাছাই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। স্যান্টোরাম বলেন, ‘আমার প্রেসিডেন্ট পদে মনোনয়নের লড়াই শেষ। সুতরাং আমাদের মধ্যে এখন আর কোনো মতভেদ থাকার কথা নয়। ২৪ এপ্রিল নিজ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় প্রাথমিক বাছাই হওয়ার কথা। এ জন্য প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন স্যান্টোরাম। কিন্তু তহবিল এবং প্রতিনিধির সমর্থনের দিক থেকে তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। ফলে আগস্টের শেষ দিকে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠেয় রিপাবলিকান দলের কনভেনশনে তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছিল।সমপ্রতি উইসকনসিন ও ম্যারিল্যান্ডে হারের পর স্যান্টোরাম মাত্র ২৮৫ জন প্রতিনিধির সমর্থন পান। অন্যদিকে রমনি আরও এগিয়ে ঝুলিতে ভরেছেন ৬৬১ প্রতিনিধির সমর্থন। বিবিসি।