সর্বকালের কম ভোট পেতে পারে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দল সর্বকালের সবচেয়ে কম ভোট পেতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশটির বিভিন্ন পত্রিকার খবরে এমনই আভাস দেওয়া হয়েছে।
খবরে বলা হয়, দুর্নীতি ও দেশের অর্থনীতির ধস ঠেকাতে সরকারের ব্যর্থতার কারণে সাধারণ নাগরিকেরা ক্ষুব্ধ। এর প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের এই দেশে লোকসভা নির্বাচনের তফসিল গত বুধবার ঘোষণা করা হয়। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে ভোট; চলবে আগামী ১২ মে পর্যন্ত। ১৬ মে ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পরদিন গতকাল পত্রিকাগুলো কংগ্রেস দলের ভরাডুবির আভাস দিল। প্রায় সব পত্রিকায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, কংগ্রেসের ১০ বছরের শাসনের অবসান হচ্ছে।
তবে ৫৪৩ আসনের লোকসভায় কোনো দলই এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে।
লোকসভার নির্বাচনকে ‘বিশ্বের সর্ববৃহৎ প্রদর্শনী’ আখ্যা দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সাধারণ মানুষ বিক্ষুব্ধ। এ কারণে অনেক ভোটার বিজেপির দিকে ঝুঁকতে পারেন। কংগ্রেসের প্রার্থীরা বিজেপি ও স্থানীয় প্রার্থীদের কাছে পরাজিত হতে পারেন।
হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, ইতিহাসে দেখা গেছে, ভোটররা ক্রমাগত ছোট দলগুলোর দিকেই ঝোঁকেন। ১৯৯৬ সালের নির্বাচনে ছোট দলগুলো মিলিতভাবে অনেক আসনে জয়ী হয়েছিল।
বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়েছে, রাহুলকে ২০১৯ সালে অনুষ্ঠেয় পরবর্তী লোকসভা নির্বাচনে প্রার্থী করার ইঙ্গিতই স্পষ্ট হয়েছে উঠেছে। এএফপি।