সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় উত্তর কোরিয়ার ভূখণ্ড কোনোভাবে আক্রান্ত হলে উত্তর কোরিয়ার সেনাবাহিনী সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। গতকাল রোববার এই হুঁশিয়ারি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। আজ সোমবার থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এক যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এরই প্রাক্কালে পিয়ংইয়ংয়ের নেতা এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য এ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। একে প্রতিরক্ষামূলক সামর্থ্য পরীক্ষা হিসেবে সিউল ও ওয়াশিংটন ব্যাখ্যা করলেও পিয়ংইয়ং এটাকে হুমকি হিসেবেই দেখছে। এ মহড়ায় ৩০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে। মহড়া শুরুর প্রাক্কালে গত রোববার উত্তর কোরিয়ার নেতা কিম দেশটির পদাতিক বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শন করেন। এ সময় তিনি সেনা কর্মকর্তাদের দেশের বীর হিসেবে উল্লেখ করে সিউলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি সিউলের মহড়াকে তাঁর দেশের বিরুদ্ধে প্রচ্ছন্ন পারমাণবিক যুদ্ধের হুমকি হিসেবে আখ্যায়িত করেন। এএফপি।