সর্বাধিক অনিশ্চয়তাপূর্ণ ও ব্যতিক্রমী নির্বাচন
আজকের সাধারণ নির্বাচন সাম্প্রতিক ব্রিটিশ ইতিহাসের সর্বাধিক অনিশ্চয়তাপূর্ণ, সর্বাধিক ব্যতিক্রমী এবং রাজনৈতিক গতিধারা পরিবর্তনের দিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।নির্বাচন অনুষ্ঠানের আগ মুহূর্তে ধারণা করা হচ্ছে, এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবেন না, আমেরিকান নির্বাচনী প্রচারের কায়দায় এবারের নির্বাচনে তিন প্রধান প্রতিদ্বন্দ্বী দল—লেবার, টোরি (রক্ষণশীল) ও লিবারেল ডেমোক্র্যাটস এর নেতাদের মধ্যে টিভি-বিতর্ক হয়েছিল। অনেক জরিপও হয়েছে। এসব জরিপের ফল এবং সাধারণ ধারণা সবদিক থেকেই এটা অনস্বীকার্য যে, টোরি দল এবং তাদের নেতা ডেভিড ক্যামেরন শীর্ষে রয়েছেন। লিবারেল ডেমোক্র্যাট নেতা অপেক্ষাকৃত কম বয়সী নিক ক্লেগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিজের দলকে নির্বাচনী জরিপে দ্বিতীয় স্থানে তোলার জন্য লেবারের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা করে গেছেন। ক্লেগ নিঃসন্দেহে এবারের নির্বাচনে বিরাট ভূমিকা পালন করছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও তারা যে কিং মেকার হবেন, সে সম্পর্কে সন্দেহ নেই।এটা প্রায় অবধারিত সত্য যে ৬৫০ আসনের পার্লামেন্টে ৩২৫ আসনের বেশি এককভাবে কোনো দলই পাবে না। ধারণা করা হচ্ছে টোরিরা সবচেয়ে কাছাকাছি থাকবেন। এমতাবস্থায় প্রশ্ন হচ্ছে, লিবারেল ডেমোক্র্যাটরা কাদের সঙ্গে কোয়ালিশন করবেন? নীতিগতভাবে ও রাজনৈতিক দিক থেকে তাঁরা রক্ষণশীলদের চেয়ে লেবার পার্টির কাছাকাছি। কিন্তু নিক ক্লেগ ঘোষণা দিয়েছেন, গর্ডন ব্রাউনের সঙ্গে তাঁর সমঝোতা সম্ভব নয়। তিনি আবার এটাও বলেছেন, রক্ষণশীল দল এবং তাঁদের নেতা ক্যামেরনের সঙ্গে তাঁর নীতিগত পার্থক্য অনেক। মনে হচ্ছে, ক্লেগ কাকে সমর্থন দেবেন তা এখনই নিশ্চিতভাবে প্রকাশ না করে সে সম্ভাবনাকে উন্মুক্ত রাখতে চান। তবে বর্তমানে তাঁর প্রধান বক্তব্য, নির্বাচনী পদ্ধতির পরিবর্তন। এই মতামতের অনুকূলে তিনি যে জনমত সৃষ্টি করতে পেরেছেন, তা নিশ্চিত। এবার নির্বাচনে প্রার্থী চয়নেও কিছুটা প্রগতিধর্মী ভিন্ন ধারা লক্ষণীয়। ক্যামেরন গোঁড়া রক্ষণশীল নন—বৈশ্বিক রাজনীতি ও জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তনে বিশ্বাসী। কিন্তু তাঁর নবীন টোরিদের মধ্যেও অনেক থেচারাইট (লৌহমানবী মার্গারেট থেচারের নীতির অনুসারী) রয়েছেন। বর্তমানে ১৭ জন মহিলা প্রতিনিধির স্থলে রক্ষণশীল দলের ৬০ জন মহিলা প্রার্থী আছেন এবং দুজন বর্ণগত সংখ্যালঘু সম্প্রদায় পার্লামেন্ট প্রতিনিধির স্থলে রয়েছেন ১৪ জন প্রার্থী। লেবার পার্টির রয়েছে ৪৪ জন অশ্বেত প্রার্থী এবং টোরিদের চেয়ে অনেক বেশি মহিলা প্রার্থী। উভয় দলেই উপমহাদেশীয় (বাংলাদেশসহ) বংশোদ্ভূত প্রার্থী আছেন। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটদের যথেষ্ট মহিলা প্রার্থী থাকলেও অশ্বেত কোনো প্রার্থী নেই। সব দলেই অনেক নতুন মুখ। টোরিদের নতুন ১৫০ জন প্রার্থীর ভেতরে অধিকাংশই দলটির ঐতিহ্যবাহী চিন্তাধারায় বিশ্বাসী, দুই তৃতীয়াংশ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণে ক্যামেরনের মতে অগ্রাধিকার দিতে অনাগ্রহী; এক-তৃতীয়াংশ সমকামী দম্পতিদের সাধারণ নারী-পুরুষ দম্পতির সমান অধিকার দিতে অনিচ্ছুক। এঁদের প্রায় সবাই সুপরিচিত পাবলিক স্কুল বা বিশ্ববিদ্যালয় শিক্ষিত—পূর্বতন টোরি প্রতিনিধিদের মতো। টোরিদের পক্ষে পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভেদ এবং লেবারের বাঙালি বংশোদ্ভূত রোশনারা আলীর নির্বাচিত হওয়ার সমূহ সম্ভাবনা। রোশনারা যদি একান্ত না-ই হন, তবে ওই স্থলে বিজয়ী হবেন আরেকজন বাঙালি প্রার্থী -রেসপেক্ট পার্টির আবজল মিয়া। এটা অবধারিত সত্য যে এবার ব্রিটিশ পার্লামেন্টে একজন বাঙালি প্রথমবারের মতো এমপি হবেন। উপমহাদেশ থেকে ব্রিটিশ রাজতন্ত্রের শুরু থেকেই বাংলাদেশিরা এসে বসতি গড়তে শুরু করেন। শতাব্দীব্যাপী শ্রম, সংগ্রাম ও মেধা দিয়ে এই সাত-সমুদ্রের পারে তারা গড়ে তুলেছেন আপন নিবাস। ক্রমে সচেষ্ট হয়েছেন নতুন স্বদেশের রাজনীতির মূল ধারার সঙ্গে যুক্ত হতে। বংশানুক্রমিক হাউস অব লর্ডসে পলা মনজিলা উদ্দিনের প্রবেশ ঘটলেও জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্টে এমপি হিসেবে কোনো বাঙালির পদার্পণ হয়নি। সেই মাঙ্গলিক ক্ষণ এখন উপস্থিত। আজ ৬ মে হবে বাঙালির নতুন বিজয় কেতন ওড়াবার দিন। কয়েক ঘণ্টা পরই জানা যাবে, কে এই পতাকা ওড়াবার গৌরবে অভিষিক্ত হবেন। রোশনারা আলী, না আবজল মিয়া?পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন ও বো নির্বাচনী আসনের সব কটিরই এমপি পদপ্রার্থী বাঙালি। প্রধান হচ্ছেন লেবার পার্টির রুশনারা আলী, ‘বাংলাদেশপ্রেমী’ জর্জ গ্যালাওয়ের রেসপেক্ট পার্টির আবজল মিয়া, রক্ষণশীলদের জাকির খান এবং লিবডেমের (লিবারেল ডেমোক্র্যাট) আজমল মাসরুর। এঁদের সবাই এ দেশীয় মানে যোগ্যপ্রার্থী হিসেবে বিবেচিত এবং তাঁদের আদি বাড়ি বাংলাদেশের সিলেট। সন্তুষ্টির কথা যে এঁদের প্রত্যেকেই নিজ নিজ রাজনৈতিক দলে সুপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাখেন। অর্থাৎ যিনিই জিতুন না কেন, ব্রিটেনের রাজনীতির মূল স্রোতের সঙ্গে বাঙালির একাত্মীকরণ হবে এবারই প্রথম। অক্সফোর্ডের উচ্চশিক্ষিত মেধাবী রুশনারা আলী, বৈশ্বিক ও প্রগতিধর্মী চিন্তাধারায় বিধৃত আবজল মিয়া, লিবডেমের আজমল মাসরুর কিংবা টোরি পার্টির ‘হাইপ্রোফাইল’ অবস্থাপন্ন জাকির খান আজ ব্রিটেনের দলীয় রাজনীতিতে আলোচিত ও সম্ভাবনাপূর্ণ নাম হয়ে উঠেছেন। এটা প্রবাসী বাঙালিদের করে তুলেছে আত্মপ্রত্যয়ী।ইনাম আহমদ চৌধুরী, বেসরকারিকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান