সলোমনে সুনামি পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে গতকাল বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৮। ভূমিকম্পের পর দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় লাটা এলাকা সুনামির পানিতে তলিয়ে যায়। এতে পাঁচজন মারা গেছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গতকাল গ্রিনিচমান সময় রাত একটা ১২ মিনিটে সলোমন দ্বীপপুঞ্জের সান্তা ক্রুজ দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে।ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু, নাউরু, পাপুয়া নিউগিনি, টুভ্যালু, নিউ ক্যালেডোনিয়া, করসাই, ফিজি, কিরিবাতি এবং ওয়ালিস ও ফুতুনা আইল্যান্ডে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। কিছু সময় পর সতর্কতা বাতিল করে দেওয়া হলেও সলোমন দ্বীপপুঞ্জের লাটা এলাকায় তিন ফুট উচ্চতার সুনামি আঘাত হানে।সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর তথ্যসচিব জানান, সুনামির কারণে সাগরের পানি ভূ-ভাগের ৫০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। এতে লাটা এলাকার প্রায় তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গ্রামগুলোতে প্রায় পাঁচ হাজার মানুষ বাস করে। ভূমিকম্পের পরপরই গ্রামের অধিকাংশ মানুষ আশপাশের উঁচু স্থানে গিয়ে আশ্রয় নেয়। এখন পর্যন্ত সেখানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে লাটা হাসপাতালের পরিচালক জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।প্রায় এক হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত সলোমন দ্বীপপুঞ্জ। প্রায় ২৮ হাজার ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপপুঞ্জে মোট জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। বিবিসি।