সশস্ত্র যোদ্ধাদের নিয়ন্ত্রণে কঠিন পরীক্ষায় এনটিসি
গাদ্দাফি প্রশাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া লিবিয়ার সশস্ত্র যোদ্ধাদের নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)। দিন যত গড়াচ্ছে, বিভিন্ন গোষ্ঠীর এসব যোদ্ধা ততই অন্তর্বর্তী প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রায় প্রতিদিনই নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ছে সশস্ত্র যোদ্ধাদের পক্ষ। অনেক ক্ষেত্রে তারা সরকারের কর্তৃত্বকেও আমলে নিচ্ছে না। তাদের কর্মকাণ্ড লিবিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। যোদ্ধাদের পুলিশ ও সেনাবাহিনীতে যোগ দিতে সরকার আহ্বান জানালেও খুব একটা সাড়া মিলছে না।চলতি মাসেই এনটিসির প্রধান আশঙ্কা প্রকাশ করে বলেন, যোদ্ধারা সরকারকে সহযোগিতা না করলে দেশটি গৃহযুদ্ধের ঝুঁকির মুখে পড়তে পারে। অন্তর্বর্তী সরকার যোদ্ধাদের পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চায়।সরকারের প্রচেষ্টা সত্ত্বেও যোদ্ধারা পুলিশের চাকরিতে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছেন না। লিবিয়ার পুলিশ বাহিনীতে যোদ্ধাদের কয়েক হাজার সদস্যের নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রক্রিয়া চালুর ২৪ ঘণ্টা পর দেখা গেছে, মাত্র ১০০ জন যোদ্ধা চাকরিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপোলি কম্পাউন্ডের প্রধান নিয়োগ কেন্দ্র প্রায় ফাঁকা পড়ে আছে। একজন কর্মকর্তা জানান, শনি ও রোববার কর্মব্যস্ত এই দুই দিনে মাত্র ১০০ জন নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।লিবিয়ায় সশস্ত্র যোদ্ধাদের সংখ্যা কত, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে কয়েক হাজার হতে পারে। যাঁরা চাকরিতে যোগ দিচ্ছেন ও দিতে পারেন, তাঁরা অপেক্ষাকৃত দুর্বল জাতিগোষ্ঠীর যোদ্ধা। তাঁদের শক্তি কোনোভাবেই সরকারকে চ্যালেঞ্জ জানানোর মতো নয়। অন্যদিকে ত্রিপোলির বাইরে থাকা ভারী অস্ত্র এবং দক্ষ ব্যবস্থাপনার যোদ্ধারা চাকরিতে যোগ দিতে মোটেও আগ্রহী নন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পুলিশে যোগ দেওয়া যোদ্ধারা মাসে ৬০০ দিনার পাবেন। প্রাথমিকভাবে এই নিয়োগ ছয় মাসের জন্য কার্যকর হবে। এরপর কাজের মূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়িত্বের বিষয়টি নির্ভর করবে।সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীর যোদ্ধারা সরকারের আহ্বানে সাড়া দিতে অনীহা দেখাচ্ছেন। জিনতান ও মিসরাতার মতো শহরের যোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ত ইউনিটগুলো অন্যতম। গাদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ে তারা মুখ্য ভূমিকা পালন করেছে। জিনতান শহরে এক হাজার ২০০ শক্তিশালী ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন মোখতার আল আখদার। ত্রিপোলি বিমানবন্দরের নিয়ন্ত্রণ তাঁর হাতে। রয়টার্স।