সহকর্মীকে ঘুসি মারায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর নাকে অস্ত্রোপচার করতে গিয়ে হঠাৎই উত্তেজিত হয়ে পড়েন জার্মান শল্যচিকিৎসক হাকান বি (৪৪)। ঘুসি মেরে বসেন সহকর্মী অবেদনবিদ থমাস এসকে। থমাস ভূপাতিত হলে তাঁকে লাথি মারেন হাকান। ৬০ বছর বয়সী এক সেবিকা এতে বাধা দিতে এলে তাঁকেও অশ্রাব্য ভাষায় গালাগাল করেন তিনি। এ ঘটনায় চিকিৎসক হাকানকে স্থগিত কারাদণ্ড ও দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান করার শাস্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জার্মানির বিল্ড পত্রিকা এ খবর জানায়।ঘটনাটি ঘটেছিল গত ১০ এপ্রিল। অভিযোগ দায়েরের পর গত বুধবার জার্মানির দক্ষিণাঞ্চলে নুরেমবার্গে একটি আদালত হাকানের বিরুদ্ধে এই শাস্তির রায় দেন। দোষী চিকিৎসক বলেন, ‘ওই দিন ঘটনাটি ঘটার আগে আমি পাঁচজন রোগীর অস্ত্রোপচার করেছিলাম। ঘটনাটির জন্য আমি খুবই দুঃখিত।’ হাকানকে ক্ষতিপূরণ হিসেবে নয় হাজার ইউরো পরিশোধ এবং দাতব্য প্রতিষ্ঠানে তিন হাজার ইউরো দান করতে হবে। এএফপি।