সহজে মিলবে না সুপেয় পানি

সূর্যের প্রচণ্ড তাপে প্রাণ ওষ্ঠাগত। গলাটা শুকিয়ে শুকনো হাড্ডির মতো খটখটে। এ সময় প্রাণটা শীতল করতে পারে এক গ্লাস পরিষ্কার ঠান্ডা পানি।
কিন্তু এই সহজলভ্য পানিই ভবিষ্যত্ প্রজন্মের কাছে হয়ে উঠতে পারে অমূল্য রতন। জনসংখ্যা বিস্ফোরণের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মিলে আজ থেকে ১০০ বছর পরের প্রজন্মের পানির চাহিদার ক্ষেত্রে এ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এতে দুর্ভোগে পড়বে বিশ্বের কোটি কোটি মানুষ।
আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে গত মার্চে প্রকাশিত নোবেলজয়ী ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) এক প্রতিবেদনের বরাত দিয়ে এ আশঙ্কার কথা জানানো হয়।
পানি বিজ্ঞানীরা বলছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশুদ্ধ পানির সংকট ভবিষ্যতে দ্বিগুণ আকার ধারণ করবে। খাদ্য ও জ্বালানির জন্য মানুষ যেভাবে হন্যে হয়ে ফিরছে, এ ধারা অব্যাহত থাকলে এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মিলে ওই সংকট সৃষ্টি করবে।
আইপিসিসির প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর ৮০ শতাংশ মানুষ এখন পানির নিরাপত্তা নিয়ে খুব দুর্ভোগ পোহাচ্ছে। পানির ব্যবহার, চাহিদা ও জনসংখ্যার ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয় ।
প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে সহজে পানি পাওয়ার মতো এই পরিস্থিতি পাল্টে যেতে পারে। এতে পানি-নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বর্তমানে ৭৬ কোটি ৮০ লাখ মানুষের নিরাপদ পানির সংস্থান নেই এবং ২৫০ কোটি লোকের স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। পৃথিবীর এক-পঞ্চমাংশ ভূগর্ভস্থ পানির স্তর ফুরিয়ে গেছে।
জাতিসংঘের সদ্য প্রকাশিত বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদনে বলা হয়, এই শতাব্দীর মধ্য ভাগে জনসংখ্যা প্রায় ৭২০ কোটি থেকে ৯৬০ কোটি হবে। তখন পৃথিবীর পানির চাহিদা বৃদ্ধি পাবে ৫৫ শতাংশ।
এর মধ্যে ৪০ শতাংশের বেশি মানুষ ‘তীব্র’ পানি-সংকটকবলিত এলাকায় বাস করবে। এসব এলাকার বেশির ভাগই হবে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার পশ্চিমাংশ।