সহজেই চেনা যায় যে যমজ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমজ শিশু নিয়ে বাবা-মা সাধারণত যে সমস্যায় ভোগেন, তা হচ্ছে চট করে শনাক্ত করা। কে বড়, কে ছোট—এ নিয়ে প্রায়ই দ্বিধায় পড়ে যান তাঁরা। কিন্তু ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির বাসিন্দা শার্লি ওয়েলসের (২১) সে বালাই নেই। তাঁর ১৪ সপ্তাহ বয়সী শিশু দুটির গায়ের রংই বলে দিচ্ছে কার নাম কী। শিশু দুটির একটি কৃষ্ণাঙ্গ, অন্যটি শ্বেতাঙ্গ। ছেলে লিও হয়েছে গ্রেনাডিয়ান মায়ের মতো। কালো ত্বক, বাদামি চোখ ও ঘন কালো চুল। মেয়ে হোপ পেয়েছে বাবার মতো ফর্সা ত্বক, নীল চোখ ও পাতলা চুল। ডিউসবারি ডিস্ট্রিক্ট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক মিনিটের ব্যবধানে জন্ম শিশু দুটির। লিও বড়, হোপ ছোট। জন্মের সময় লিওর ওজন ছিল পাঁচ পাউন্ড ১৪ আউন্স, হোপের ওজন ছিল ছয় পাউন্ড তিন আউন্স। ধাত্রী যখন ওদের শার্লির কাছে নিয়ে আসেন, এক নজর দেখে মায়ের তো ভিরমি খাওয়ার জোগাড়। হওয়ারই কথা। যমজ শিশুর এমন ভিন্ন রকম শারীরিক বৈশিষ্ট্য হওয়ার ঘটনা বিরল। শার্লি বলেন, ‘আমি জানতাম যমজ শিশুর মা হতে যাচ্ছি। এটিও জানতাম, একটি ছেলে ও একটি মেয়ে হবে। কিন্তু ধাত্রী যখন ওদের আমার কাছে নিয়ে এল, আলাদা ত্বক ও বৈশিষ্ট্য দেখে আমি তো অবাক।’ তিনি বলেন, ‘সন্তানসম্ভবা থাকা অবস্থায় প্রায়ই আমি কৌতুক করে বলতাম, আমার একটি কৃষ্ণাঙ্গ ও একটি শ্বেতাঙ্গ সন্তান হবে। এ কথাও বলতাম, কালোটির নাম রাখব এবনি (কালো আবলুস কাঠ), সাদাটির নাম হবে আইভরি (হাতির দাঁত)। কিন্তু আমার কথা যখন সত্যি সত্যি ফলে গেল, তখন আর এ নাম রাখতে পারছি না। এসব নামে ওদের ডাকতে গেলে তা নিষ্ঠুরতা হবে। আমি ওদের একজনকে ডাকি লিও দ্য লায়ন, অন্যজনকে ডাকি হ্যাপি হোপ।’ শার্লির বাবা-মা উভয়েই গ্রানাডার বাসিন্দা। তাঁদের বংশে শ্বেতাঙ্গ কেউ নেই। তবে যমজ শিশু দুটির বাবা শ্বেতাঙ্গ। তাঁর সঙ্গে অবশ্য শার্লির এখন আর সম্পর্ক নেই। যমজ শিশু দুটির জন্মের ব্যাপারে ব্রিটেনের মাল্টিপল বার্থস ফাউন্ডেশনের একজন মুখপাত্র বলেন, এ ক্ষেত্রে দুটি পৃথক ডিম্বাণু দুটি পৃথক শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হয়েছিল। মেইল অনলাইন।