সহমর্মীদের প্রতি ফের কৃতজ্ঞতা জানাল মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালেবানের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এবারের সিএনএন হিরো অব দ্য ইয়ার অনুষ্ঠানে গতকাল সোমবার পাঠানো এক বার্তায় সে এই কৃতজ্ঞতা জানায়। এ বছর হিরো অব দ্য ইয়ার হয়েছেন নেপালের নাগরিক পুষ্প বাসনেত।অনুষ্ঠানে মালালার বার্তাটি পড়ে শোনান অ্যান্ডারস কপার। মালালা তার সমর্থকদের উদ্দেশে লিখেছে, ‘আপনাদের উচ্ছ্বসিত ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ধর্ম-বর্ণনির্বিশেষে যাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, সেসব মানুষকে আমি ধন্যবাদ জানাই।’পাকিস্তানের রক্ষণশীল উত্তর-পশ্চিম এলাকায় নারীশিক্ষার অধিকারের দাবিতে চার বছর ধরে প্রচারণা চালিয়ে আসছে মালালা। বার্তায় সে উত্তর-পশ্চিম পাকিস্তানের যেসব নারী জঙ্গিদের হুমকি সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাদের প্রশংসা করে।মালালা বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত অক্টোবর মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানে তাকে হত্যার চেষ্টা করে তালেবান। সে সময় প্রাণে বেঁচে গেলেও মাথায় গুলিবিদ্ধ হয় মালালা। চিকিৎসার জন্য একপর্যায়ে তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। সিএনএন।