সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তার জন্য মার্কিন সরকারের আহ্বান গতকাল শুক্রবার নাকচ করে দিয়েছে নরওয়ে। কারণ হিসেবে দক্ষ বিশেষজ্ঞ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথা উল্লেখ করেছে দেশটি।
যুক্তরাষ্ট্র সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা দিতে গত মাসে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছিল।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলে, ‘আমরা যুক্তরাষ্ট্রের আহ্বান গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। কিন্তু সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, নরওয়ে এ কাজের জন্য উপযুক্ত স্থান নয়। অস্ত্র ধ্বংসের জন্য দক্ষ বিশেষজ্ঞ, প্রয়োজনীয় সরঞ্জাম ও সামর্থ্যের অভাব রয়েছে আমাদের।’
এর আগে গত বুধবার নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোয়ের্গ ব্রেন্ডে সংবাদ সম্মেলন করে অস্ত্র ধ্বংসের কাজের জন্য নরওয়ের প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথা উল্লেখ করেন। একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ ধরনের কাজের পর যে বর্জ্য উৎপন্ন হবে, তা সংরক্ষণ করা নরওয়ের আইনে নিষিদ্ধ।’
নরওয়ের প্রতি সহায়তার আহ্বান জানানোর কারণ হিসেবে ওয়াশিংটন বলেছিল, রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন। নরওয়েতে সহজেই এই পানির জোগান পাওয়া যাবে। রয়টার্স ও এএফপি।