সহিংসতা উপেক্ষা করে ভোট দিলেন নেপালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ভোটকেন্দ্রের বাইরে গতকাল ভোটারদের প্রতীক্ষা ষ ছবি: এএফপি
নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ভোটকেন্দ্রের বাইরে গতকাল ভোটারদের প্রতীক্ষা ষ ছবি: এএফপি

সহিংসতার হুমকি উপেক্ষা করে গতকাল মঙ্গলবার সাংবিধানিক পরিষদের নির্বাচনে ভোট দিয়েছেন নেপালিরা। দেশজুড়ে মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেন। মাওবাদীদের একাংশ নির্বাচন বানচালের আহ্বান জানিয়েছিল।

নির্বাচন কমিশন গতকাল রাতে বলেছে, নির্বাচনে ভোট দিয়েছেন অন্তত ৬৫ শতাংশ ভোটার। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও ভোট দিয়েছেন। ভোটারদের মধ্যে অনেকে ছিলেন বয়োবৃদ্ধ।

রাজধানী কাঠমান্ডুর একটি নির্বাচন কেন্দ্রের বাইরে গতকাল সকালে এক বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার কাঠমান্ডুতে গতকাল একাধিক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন।

নির্বাচনের প্রাক্কালে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। কিন্তু এ পরিস্থিতিতেও নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অনড় ছিল অন্তর্বর্তী সরকার। সরকার বলেছিল, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে।

কাঠমান্ডুর পুলিশ কর্মকর্তা হেমন্ত পাল বলেন, একটি ভোটকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। খেলনা মনে করে বোমাটি তুলতে গিয়ে আট বছর বয়সী একটি শিশু গুরুতর আহত হয়। এ ছাড়া এক তরুণী ওই বিস্ফোরণে আহত হয়েছেন।

কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চামুন্ড গ্রামে বিরোধীদলীয় নেতা-কর্মীরা হামলা চালিয়ে ব্যালট ছিঁড়ে ফেলেন। স্থানীয় সরকারি প্রশাসক হোমনাথ থাপালিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে।
নির্বাচনে অন্তত ১০০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই। কারণ, মাওবাদীদের নেতৃত্ব নিয়ে সমর্থকদের অনেকেরই মোহ কেটে গেছে। মাওবাদীদের একাংশ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিল। তারা সব দলের প্রতিনিধিত্বে একটি নতুন সরকারের অধীনে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি করছে।

নেপালে এবারের নির্বাচনের লক্ষ্য কয়েক বছর ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন করা। ২০০৬ সালে দশকব্যাপী মাওবাদী বিদ্রোহের অবসানের পর এটি দ্বিতীয় সাধারণ নির্বাচন। রাজতন্ত্রের পতনের পর সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ২০০৮ সালে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে ব্যাপক বিভক্তির কারণে ওই সাংবিধানিক পরিষদ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। সর্বশেষ নির্বাচনে মাওবাদীরা বজয়ী হয়েছিল। এরপর দেশটিতে সংক্ষিপ্ত মেয়াদে পাঁচজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেও স্থায়ী নেতৃত্ব আসেনি।

নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সমঝোতার অভাবে ৬০১ সদস্যের গণপরিষদ গত বছরের মে মাসে ভেঙে দেওয়া হয়। সংকট নিরসনের উদ্দেশ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে চলতি বছরের শুরুতে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যালট সংগ্রহ ও গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে। এএফপি, বিবিসি ও এপি।