থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনকারীদের ১৩ জানুয়ারির কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় অন্তত ১৫ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হবে। গতকাল বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আন্দোলনকারীরা আগামী ১৩ জানুয়ারি থেকে ব্যাংকক ‘অচলের’ হুমকি দিয়েছে।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ব্যাংকক অচলের এ ঘোষণা দিয়েছেন। তাঁরা বলেন, ইংলাক পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। কর্মসূচির অংশ হিসেবে আগামী সপ্তাহে রাজধানীর বিভিন্ন স্থানে মঞ্চ তৈরি করা হবে। তাঁরা সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে যেতে বাধা দেবেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের। এক মাসের বেশি সময় ধরে চলা এই গণ-আন্দোলনে বিচ্ছিন্ন সংঘর্ষে ইতিমধ্যে আটজন নিহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র পিয়া উথাইও গতকাল টেলিভিশনে বলেন, সহিংসতা মোকাবিলায় ১৪ হাজার ৮৮০ জন সেনা ও পুলিশ সদস্যকে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে।
এদিকে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় থাইল্যান্ডের শেয়ারবাজারে ধস নেমেছে। দেশটির মুদ্রার দাম কমে গেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্যাংককে ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ফ্লাইট বাতিল করেছে। আগামী সোমবার ব্যাংককের ১৪৬টি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার জরুরি অবস্থা ঘোষণা দিতে প্রস্তুত। বিরোধীদের আন্দোলনের মুখে পার্লামেন্ট ভেঙে দিয়ে ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইংলাক। কিন্তু বিরোধীরা বলছেন, ইংলাককে পদত্যাগ করে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এমপিদের বিরুদ্ধে অভিযোগ আনবে দুর্নীতি দমন কমিশন: সংবিধান সংশোধনের চেষ্টা করায় ৩০৮ জন এমপি ও সিনেটরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি কমিশন। তাঁদের অধিকাংশই ক্ষমতাসীন দলের। এই ঘটনা আসন্ন নির্বাচনে আরেকটি ছায়া ফেলতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সংবিধান অনুযায়ী নির্বাচনের ৩০ দিনের মধ্যে পার্লামেন্ট অধিবেশন বসতে হবে। এ সময়ের মধ্যে অন্তত পার্লামেন্টের ৯৫ শতাংশ আসন পূরণ করতে হবে। পরবর্তী ১৮০ দিনের মধ্যে শতভাগ আসন পূরণ করতে হবে। এএফপি ও বিবিসি।