সহিংসতা থামাতে ব্যর্থতা স্বীকার করলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা থামাতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীকে পরিণত এ রাজনীতিক পোল্যান্ড সফরকালে গত বৃহস্পতিবার বলেছেন, ওই সহিংসতা বন্ধ করা তাঁর একার পক্ষে সম্ভব নয়। এ জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার।
মধ্য ইউরোপ সফররত সু চি বৃহস্পতিবার পোল্যান্ডের ওয়ারশ শহরে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সু চি আরও বলেন, ‘আমাদের জনগণ যাতে নিজেদের নিরাপদ ভাবতে পারে, সে জন্য আইনের শাসনের দরকার। কেবল সুরক্ষিত মানুষই এমন সম্পর্ক গড়ে তুলতে পারে, যা ভবিষ্যতের জন্য সম্প্রীতির নিশ্চয়তা দেবে।’
সাম্প্রতিক দাঙ্গার সময়ে বৌদ্ধদের হামলায় বহু সংখ্যালঘু মুসলিম হতাহত ও বাড়িঘর ছাড়া হওয়ার পরও সু চি নিন্দা না জানিয়ে কার্যত নিশ্চুপ থাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তাঁর সমালোচনা করে। এএফপি।