সহিংসতা দমনে সেনা টহল জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে আগামী রোববার অনুষ্ঠেয় একতরফা নির্বাচনের প্রাক্কালে সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় রাজধানী ব্যাংককে সেনা টহল জোরদার করা হয়েছে। এ নির্বাচন বর্জন করা প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি এ ভোট বানচালের ঘোষণা দিয়েছে। এতে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী ব্যাংককসহ দেশের বিভিন্ন স্থানে চাপা উত্তেজনা চলছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংককে সেনা মোতায়েন করা হয়। আশপাশের প্রদেশগুলোতে বাড়তি সেনা মোতায়েন করা হবে। সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর আগে ভোটের দিন ব্যাংককে ১০ হাজার পুলিশ মোতায়েন করার কথা জানানো হয়।
সেনা মুখপাত্র উইনথাই সুভারি বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যে ব্যাংকক ও আশপাশের এলাকায় পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ কেন্দ্রগুলোর কাছে সেনা টহল জোরদার করা হবে।
মুখপাত্র সুভারি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা দিতে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে।
এদিকে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা না দিতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী ছালের্ম ইউমবামরুং। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘাত বাধতে পারে। সরকারপন্থী ও বিরোধীরা পরস্পর সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। কারণ প্রত্যেকটি কেন্দ্রের নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্তসংখ্যক সেনা ও পুলিশ নেই।
টানা সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ২২ জানুয়ারি ব্যাংকক ও আশপাশের কয়েকটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। কিন্তু গণবিক্ষোভ অব্যাহত আছে। নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের দাবিতে এ আন্দোলন চলছে। এর অংশ হিসেবে বিরোধীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করছেন। সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইংলাককে পদত্যাগ করে একটি ‘গণপরিষদের’ হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রয়টার্স।