সহিংসতার পথ পরিহারের আহ্বান কারজাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ‘সহিংসতার পথ বেছে না নিতে’ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহিংসতার পথ বেছে না নিয়ে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষায় মোতায়েন থাকবে। এদিকে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবারও কাবুল শহর, উরুজগান ও বাগলান প্রদেশসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে উরুজগান ও বাগলানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। এদিকে বাগরাম বিমানঘাঁটিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিশোধ হিসেবে বিদেশি সেনাসদস্যদের ওপর হামলা চালিয়ে তাঁদের হত্যা করতে আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তবে গত বুধবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় সহিংসতার কারণে কাতারে শান্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না। এএফপি ও বিবিসি।