সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রই ‘আসল খেলোয়াড়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীদের উসকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘আসল খেলোয়াড়’-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম অভিযোগ করেছেন। যুক্তরাজ্যের সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট-এর সাংবাদিক রবার্ট ফিস্ককে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম এই অভিযোগ করেন। সাক্ষাৎকারটি গতকাল মঙ্গলবার ওই পত্রিকায় প্রকাশিত হয়েছে।মুয়াল্লেম বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে সিরিয়াকে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটি তেহরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রচার করছে। উপসাগরীয় দেশগুলোতে অস্ত্র বিক্রি করাই এর উদ্দেশ্য।সাংবাদিক রবার্ট ফিস্ককে মুয়াল্লেম বলেন, ‘আমরা বিশ্বাস করি, সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রই প্রধান খেলোয়াড়। অন্যরা তার সহযোগী উপকরণ।’সিরীয় সংকটকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে কি না—এমন প্রশ্নের জবাবে মুয়াল্লেম একটি সাম্প্রতিক গবেষণার প্রসঙ্গ টানেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন পরিচালিত ওই গবেষণায় বলা হয়, ‘যদি তুমি ইরানকে কবজা করতে চাও, তবে তোমাকে অবশ্যই দামেস্ক দিয়ে শুরু করতে হবে।’ পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম জানান, চলতি সংকটের শুরুর দিকেই কিছু পশ্চিমা কূটনীতিক তাঁদের বলেছিলেন, সিরিয়া-ইরান, সিরিয়া-হিজবুল্লাহ এবং সিরিয়া-হামাস সম্পর্কগুলোই এই সংকটের প্রধান প্রধান উপাদান। তবে অধিকাংশ উপসাগরীয় দেশের সঙ্গেই ইরানের সম্পর্ক থাকলেও তা কেন শুধু সিরিয়ার জন্য নিষিদ্ধ হবে—এই বিষয়টি তাঁদের কেউই খোলাসা করে বলেনি। রাসায়নিক অস্ত্র মোতায়েন না করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণকে রক্ষা করা। সিরিয়ায় সরকারের কর্তৃত্ব আরও দুর্বল হয়ে পড়লে তারা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে এর আগে খবর বের হয়েছিল।মুরসির আহ্বান: প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অপসারণে সহায়তা করতে আসাদের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।আঞ্চলিক বিষয়ে মিসরের ভূমিকা জোরালো করার অংশ হিসেবে মুরসি সিরিয়ায় রক্তপাত বন্ধে মিসর, সৌদি আরব, তুরস্ক ও ইরানের মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকারে তিনি আসাদকে অপসারণ করার ব্যাপারে জোরালো আহ্বান জানান। তবে তিনি সিরিয়ায় যেকোনো ধরনের বিদেশি আক্রমণের বিরোধিতা করেন।পূর্ব দামেস্কে বোমাবর্ষণ: সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব এলাকার বেশ কিছু অংশে সরকারি সেনারা গতকাল ব্যাপক বোমা বর্ষণ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকারবিষয়ক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গত সোমবার ওই এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ান অবজারভেটরির দেওয়া তথ্যমতে, ওই দিন সিরিয়াজুড়ে সহিংসতায় ১৯০ জনের প্রাণহানি ঘটে।এদিকে তুরস্কে সিরীয় উদ্বাস্তু-সংকট আরও ঘনীভূত হয়েছে। প্রতিদিনই বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা। গত সোমবার সীমান্ত এলাকায় জড়ো হয় আরও নয় হাজারের মতো উদ্বাস্তু। তবে তুরস্কের অভ্যন্তরের শিবিরগুলোতে জায়গা না থাকায় তারা সীমান্তের কাছাকাছি এলাকায় অপেক্ষায় থাকে। এএফপি ও রয়টার্স।