সহিংসতায় ইন্ধনের অভিযোগে আসামে বিধায়ক গ্রেপ্তার
ভারতের আসাম রাজ্যের বিধানসভার সদস্য প্রদীপ ব্রহ্মকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যে জাতিগত সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে বিভিন্ন থানায় সাতটি মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হলো। প্রদীপ বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) থেকে নির্বাচিত হয়েছেন।বিপিএফ আসামের ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল। প্রদীপ ব্রহ্ম রাজ্যের পশ্চিম কোকড়াঝাড় থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। কোকড়াঝাড়ের কাছে দোতোমার বাড়ি থেকে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত বুধবারের সহিংসতায় দুজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কোকড়াঝাড় জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রদীপের গ্রেপ্তারের প্রতিবাদে সমর্থকেরা রেলপথ এবং কোকড়াঝাড়ের মধ্যে দিয়ে যাওয়া ভারতের ৩১ নম্বর জাতীয় মহাসড়ক অবরোধ করলে সেনাবাহিনী ফ্লাগ মার্চ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আসামের বাংলাদেশ ও ভুটান সীমান্তের মধ্যবর্তী কোকড়াঝাড়, ধুবড়ি ও চিরাঙ্গ জেলায় সাম্প্রতিক মুসলিম-বোড়ো জাতিগত সহিংসতায় প্রায় ৮০ জন নিহত হয়েছে। পিটিআই।