সহিংসতায় বিজেপি ও আইএসআই আমোদ করে: কংগ্রেস
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরে সহিংসতার শিকার ব্যক্তিদের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা দলে ভেড়ানোর চেষ্টা করেছে বলে ওঠা অভিযোগ নাকচ করে দিয়েছে কংগ্রেস। ক্ষমতাসীন দলটি গত বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্দেশে বলেছে, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মতো করেই বিজেপি আমোদ-ফুর্তি করে।
কংগ্রেস বলেছে, ভারতে অস্থির পরিস্থিতি সৃষ্টিতে উসকানি দিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই আনন্দোৎসব করে। আর বিজেপি সেখান থেকে নির্বাচনী ফায়দা হাসিলের দিকে মনোযোগী হয়।
মুজাফফরনগরে গত আগস্টে সংঘটিত ওই সাম্প্রদায়িক সহিংসতার পর কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, লস্কর-ই-তাইয়েবা সহিংসতার শিকার ব্যক্তিদের নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করেছিল বলে তাঁর কাছে গোয়েন্দা তথ্য আছে। পরে পুলিশের তদন্তে সে রকম কিছু পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বিজেপি রাহুলকে ঠাট্টা করার সুযোগ পেয়ে যায়।
এমন প্রেক্ষাপটে সর্বভারতীয় কংগ্রেস কমিটির মহাসচিব শাকিল আহমেদ বলেন, ‘যখনই সহিংসতার ঘটনা ঘটে, আইএসআই ও বিজেপি আমোদ-ফুর্তি করে। আইএসআই ভারতে সামাজিক বিভাজন তৈরি করে তৃপ্ত হয়। আর বিজেপি সব সময়ই দাঙ্গার ঘটনায় খুশি হয়। কারণ, তারা ধর্মীয় বিভাজনে নেতৃত্ব দেয় এবং এ আবেগ কাজে লাগিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে।’ টাইমস অব ইন্ডিয়া।