সাঁতরে ৭৫০ মাইল পাড়ি দেবেন বাও
চীনের সাংহাইয়ে চলছে বিশ্ব বাণিজ্য মেলা ওয়ার্ল্ড এক্সপো। চীনসহ বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসছেন এখানে। কেউ আসছেন বিমানে, কেউবা বাস, ট্রেন, জাহাজ বা অন্য কোনো যানবাহনে। কিন্তু চীনের এক নাগরিক এ মেলার দিকে ছুটে আসছেন কোনো যানবাহনে করে নয়, স্রেফ নদী সাঁতরে। তাঁর নাম বাও ঝেংবিন। বয়স ৫৬ বছর। সাংহাইয়ের বিশ্ব বাণিজ্য মেলা পর্যন্ত আসতে তাঁকে চীনের খরস্রোতা চেঙজিয়াং নদীর ৭৫০ মাইল পাড়ি দিতে হবে। ৩২ দিনে তিনি এ পথ পাড়ি দেবেন। পরিকল্পনা অনুযায়ী, বাও প্রতিদিন সাঁতরাবেন ২৫ মাইল। এর পরই পৌঁছে যাবেন নির্ধারিত গন্তব্যে। খুব শিগগিরই বাও যাত্রা শুরু করবেন।বাওয়ের দীর্ঘদিনের লালিত এ স্বপ্ন পূরণে সাহায্য করবেন তাঁর বন্ধু-বান্ধবেরা। তাঁরা নৌকা নিয়ে তাঁর পেছনে থাকবেন। সর্বক্ষণ খেয়াল রাখবেন তাঁর গতিবিধির ওপর। কোনো সমস্যা হলে তা সমাধান করে দেবেন।বাও ঝেংবিনের পরিকল্পনা হচ্ছে, সারা দিন কাটাবেন সাঁতার কেটে। রাতে থাকবেন নদী-তীরবর্তী শহরের বিভিন্ন হোটেলে। সাঁতারের পাশাপাশি বাও ও তাঁর বন্ধুরা পরিবেশ-বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা প্রচার চালাবেন।দীর্ঘ ৭৫০ মাইল পাড়ি দেওয়া-সংক্রান্ত এ অভিনব শখের ব্যাপারে বাও বলেন, এ ইচ্ছাটা তাঁর নতুন নয়। অনেক আগের। আজ থেকে ৪৪ বছর আগে তিনি যখন মা-বাবার সঙ্গে নৌকায় করে এ নদী দিয়ে যেতেন, তখন তিনিও দুই তীরের প্রাকৃতিক সৌন্দর্য দুচোখ ভরে দেখতেন। সে সময় তাঁর বয়স ছিল ১২ বছর। ওই সময়ই তাঁর মনে সাঁতরে এ নদী জয় করার ইচ্ছা বাসা বাঁধে। অরেঞ্জ অনলাইন।