সাঁতার ক্লাস নিয়ে মুসলমান ছাত্রীর আবেদন খারিজ
সাঁতারের ক্লাসে উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে জার্মানির এক মুসলিম ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছেন সে দেশের একটি আদালত। মেয়েটির ভাষ্য, প্রায় বিবস্ত্র ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে সে অস্বস্তি বোধ করে। মরক্কোর বংশোদ্ভূত এই মেয়েটি (১২) জার্মানির দক্ষিণাঞ্চলীয় ফ্রাঙ্কফুর্টের একটি স্কুলে পড়ে। সাঁতারের ক্লাস করতে সে অস্বীকৃতি জানানোর পর স্কুল কর্তৃপক্ষ তাকে তালিকাভুক্ত করে।মেয়েটির আইনজীবী বলেন, তাঁর মক্কেল ক্লাস না করার অধিকার চেয়ে আবেদন করেছে। কোরআনের নির্দেশ অনুযায়ী, সে কেবল ছেলেদের থেকে আড়ালেই থাকবে না, বুকখোলা ছেলেদের দেখতেও পারবে না। কিন্তু জার্মানির পশ্চিমাঞ্চলীয় কাসেলের প্রশাসনিক একটি আদালত মেয়েটির আবেদন নাকচ করে দিয়েছেন। আদালত বলেন, মেয়েটি সম্পূর্ণ শরীর ঢাকা সুইমস্যুট পরে সাঁতার কাটতে পারবে। এ পোশাক তার স্কুলেরই কয়েকটি মেয়ে ব্যবহার করছে। তার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এটাই যথেষ্ট হবে। এএফপি।