সাংবাদিক গ্লেনের সাক্ষ্য নেবে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের একটি পার্লামেন্টারি কমিশন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের ওপর মার্কিন গোয়েন্দাগিরির অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডকে আমন্ত্রণ জানানো হবে।
সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে বিতর্কিত মার্কিন নজরদারির তথ্য পেয়ে গ্রিনওয়াল্ড সম্প্রতি প্রতিবেদন লিখে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর লেখা সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের ই-মেইলের ওপর নজরদারি করেছে। এ ছাড়া অন্য এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষ ব্রাজিলের পেট্রোব্রাস তেল কোম্পানির ওপরও গোয়েন্দাগিরি করে। কোম্পানিটির প্রেসিডেন্ট ও ব্রাজিলের পাঁচজন মন্ত্রী সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। এসব অভিযোগ তদন্ত করছে কমিশন। এ ছাড়া গ্রিনওয়াল্ডের সঙ্গী ডেভিড মিরান্ডার সাক্ষ্য নিতে পারে কমিশন। সম্প্রতি ব্রাজিলে ফেরার সময় লন্ডন বিমানবন্দরে যুক্তরাজ্যের পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা মিরান্ডাকে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। ব্রাজিলের রিও ডি জেনিরো-ভিত্তিক সাংবাদিক গ্রিনওয়াল্ড গত আগস্টে দেশের আইন পরিষদ কংগ্রেসে দিলমা রুসেফ ও জাতীয় তেল কোম্পানির ওপর কথিত মার্কিন গোয়েন্দাগিরির বিষয়টি অবহিত করেন। বিবিসি।