সাংবাদিক ছেলেকে বাঁচাতে মায়ের আর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হাতে আটক মার্কিন সাংবাদিক স্টিভেনস সটলফের জীবন রক্ষার আকুল আবেদন জানিয়েছেন তাঁর মা শ্যারলি সটলফ।

গতকাল বুধবার এক ভিডিও বার্তায় আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির কাছে শ্যারলি ছেলের প্রাণভিক্ষা চান।

ফ্রিল্যান্স সাংবাদিক স্টিভেনসের মা শ্যারলি যুক্তরাষ্ট্রের মায়ামির একটি স্কুলের শিক্ষিকা। ভিডিও বার্তায় তিনি বলেন, ইসলাম ধর্মের নবীর দৃষ্টান্ত অনুসরণ করে যেন তাঁর ছেলেকে মুক্ত করে দেওয়া হয়।

শ্যারলি বলেন, ছেলে জিম্মি হওয়ার পর ইসলাম ধর্ম নিয়ে তিনি ব্যাপক লেখাপড়া করেছেন। অন্যের অপরাধের জন্য ব্যক্তি বিশেষকে শাস্তি প্রদান ইসলাম ধর্ম অনুমোদন করে না। তিনি বলেন, আইএসের দাবি-দাওয়ার ওপর স্টিভেনসের কোনো নিয়ন্ত্রণ নেই। খলিফা হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করতে তিনি আবু বকর আল বাগদাদির কাছে আবেদন জানান।

সম্প্রতি মার্কিন সাংবাদিক জেমস ফলিকে হত্যা করে আইএসের জঙ্গিরা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রায় একই সময়ে আইএসের জঙ্গিদের হাতে ধরা পড়েন স্টিভেনস। জঙ্গিদের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল, বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করলে স্টিভেনসকে সরাসরি হত্যা করা হবে।

গত সপ্তাহে আইএসের প্রকাশিত জেমস ফলি হত্যার ভিডিওতে স্টিভেনসকে দেখতে পাওয়া যায়। মার্কিন সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করে।

এদিকে লিগেসি অব ওসামা বিন লাদেন গ্রন্থের লেখক গারস্টেনটাইন রস বলেছেন, মা হিসেবে শ্যারলির ছেলে মুক্তির মানবিক আবেদনটি যথার্থ। যদিও এ আবেদনের মাধ্যমে খলিফা হিসেবে বহির্বিশ্ব থেকে আবু বকর আল বাগদাদিকে এক ধরনের স্বীকৃতি দেওয়া হলো। তিনি বলেন, আইএসের হাতে আটক কোনো মার্কিন নাগরিকের জীবিত ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ।