ছাঁটাই নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে বিবিসিতে গতকাল সোমবার ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন সাংবাদিকেরা। ধর্মঘটের ফলে বেতার ও টেলিভিশন সম্প্রচারে বড় ধরনের পরিবর্তন চোখে পড়ে। জাতীয় সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এই ধর্মঘটের ডাক দেয়।রাত ১২টা থেকে ওই ধর্মঘট শুরু হওয়ায় রেডিও ফাইভ লাইভের আপ অল নাইট ও মর্নিং রিপোর্টস অনুষ্ঠান বাতিল হয়ে যায়। বিবিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রেডিও ফোর-এর টুডে অনুষ্ঠান বাতিল করে তার পরিবর্তে আগের অনুষ্ঠান পুনঃপ্রচার করা হয়। টেলিভিশনে ব্রেকফাস্ট শো বাতিলের পর নতুন মুখ হাজির করে সংক্ষিপ্ত আকারে খবর প্রচার করা হয়। অধিকাংশ সময় দেখানো হয় পুরোনো অনুষ্ঠান। দিনের ও রাতের আরও অনেক পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিবিসির বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে ব্যবস্থাপকেরা স্থানীয় সংবাদ পড়ছেন। আগামী চার বছরে প্রায় ২০ শতাংশ বাজেট কমানোর পরিকল্পনায় বিবিসির দুই হাজারের বেশি সাংবাদিক ও অন্যান্য কর্মী চাকরি হারাবেন। পরিকল্পনার অংশ হিসেবে ৩০ জন সাংবাদিককে চাকরিচ্যুত না করে সংস্থার অন্য পদে আত্তীকরণ করার প্রস্তাবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় ওই ধর্মঘট আহ্বান করা হয়। অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটনায় বিবিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্মঘটে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না। ব্যয় সাশ্রয়ের প্রয়োজনে বেশ কিছু কর্মী ছাঁটাই অবশ্যম্ভাবী। এনইউজের ডাকা ধর্মঘটের প্রভাব যুক্তরাজ্যে বিবিসির রেডিও ও টেলিভিশনের মূল কার্যক্রমে যতটা দৃশ্যমান হচ্ছে বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের কার্যক্রমে তা ততটা অনুভূত না-ও হতে পারে। প্রধানত ব্যয়সংকোচনের প্রয়োজনে গত কয়েক বছরে পর্যায়ক্রমে ওয়ার্ল্ড সার্ভিসের বিভিন্ন ভাষার কার্যক্রম পুরোপুরি কিংবা আংশিক সংশ্লিষ্ট দেশগুলোয় স্থানান্তর করা হয়।