সাংবাদিক মার্ক টালিকে জন্ম সনদ দেবে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক মার্ক টালি।
সাংবাদিক মার্ক টালি।

ভারতে জন্ম নেওয়া ব্রিটিশ সাংবাদিক মার্ক টালির হাতে তাঁর জন্ম সনদ তুলে দিতে যাচ্ছে কলকাতা সিটি করপোরেশন। আগামী ২৬ নভেম্বর বিকেলে পৌর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মার্ক টালির হাতে তাঁর জন্ম সনদ তুলে দেবে।
১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকায় জন্মগ্রহণ করেন মার্ক টালি। তাঁর বাবা ব্যবসায়ী ছিলেন। ছেলের জন্মের সময় তিনি কর্মসূত্রে কলকাতায় বাস করতেন।
বেশ কিছুদিন আগে মার্ক টালি কলকাতা সিটি করপোরেশনে তাঁর জন্ম সনদের জন্য আবেদন জানান। তবে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পৌরসভার আর্কাইভ থেকে জন্ম সনদটি খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ।
মার্ক টালি বিবিসির সংবাদদাতা হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর প্রতিবেদন করে অগণিত মানুষের মন জয় করেন।
১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন মার্ক টালি। ১৯৬৫ সালে তিনি বিবিসির ভারত সংবাদদাতা হিসাবে দিল্লিতে আসেন। বিবিসির ৩০ বছরের চাকরি জীবনে ২০ বছর তিনি বিবিসির দিল্লি ব্যুরোর প্রধান ছিলেন । ১৯৯৪ সালে তিনি বিবিসি থেকে পদত্যাগ করেন। এর পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসাবে কাজ শুরু করেন।
মার্ক টালি ১৯৯২ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী ও ২০০৫ সালে পদ্মভূষণে ভূষিত হন।