সাংবাদিক হামিদ মিরের অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে গুলিতে আহত প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক হামিদ মিরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালের একজন মুখপাত্র গতকাল সোমবার এ কথা জানান।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের চলতি ঘটনাবিষয়ক একটি টক শোর উপস্থাপক হামিদ মির গত শনিবার হামলার শিকার হন। ঘটনার সময় তিনি করাচি বিমানবন্দর থেকে গাড়িতে করে নিজের কার্যালয়ে যাচ্ছিলেন। হামলার ঘটনা তদন্তে সরকার একটি বিশেষ কমিশন গঠন করেছে এবং হামলাকারীদের ধরতে তথ্য দেওয়ার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন মুখপাত্র গতকাল বলেন, সাংবাদিক হামিদ মির ‘সজাগ’ রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
সাংবাদিক হামিদ মিরকে এর আগেও হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি পাকিস্তানের আইএসআইসহ প্রভাবশালী গোয়েন্দা সংস্থার বিশেষ করে বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় হাজার হাজার মানুষকে অপহরণের ঘটনার সমালোচনায় সরব ছিলেন। এএফপি।