সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টা তৃণমূল কর্মীদের
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন কলকাতার সংবাদ চ্যানেল ২৪ ঘণ্টার ফটোসাংবাদিক বরুণ সেনগুপ্ত। গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতার উপকণ্ঠ বারাকপুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বারাকপুর আইনজীবী সমিতির সম্পাদক ও তৃণমূলের নেতা রবীন ভট্টাচার্য এবং কংগ্রেস নেত্রী সুস্মিতা হালদারের বাড়িতে হামলা চালান তৃণমূলের সমর্থকেরা। এই সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়ে বরুণ সেনগুপ্ত। এ সময় তৃণমূলের সমর্থকেরা বরুণকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। পরে একটি ঘরে তাঁকে আটকে রেখে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। পুলিশ এসে বরুণ সেনগুপ্তকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বরুণ সেনগুপ্তকে স্থানীয় ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে।
এদিকে বরুণের ওপর হামলার ঘটনার নিন্দা করেছে কংগ্রেস এবং বাম দলের নেতারা।