সাংবাদিকদের খবর দেবে ফেসবুক
নিউজ করপোরেশনের পরিচালিত সামাজিক সংবাদ সংস্থা স্টোরিফুলের সঙ্গে চুক্তি করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এফবি নিউজওয়ার নামে ফেসবুক নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে।
এই সেবার মাধ্যমে সাংবাদিকেরা দ্রুত খবর জানতে পারবেন। একই সঙ্গে খবর সম্পর্কিত ছবি, ভিডিও সংগ্রহ করতে পারবেন তাঁরা।
নিউজ করপোরেশন আশা করছে, এফবি নিউজওয়ার সাংবাদিকদের কাজকে অনেকটাই সহজ করতে পারবে। এর মাধ্যমে দ্রুত তাঁরা ঘটনার খবর পাবেন। সেগুলো যাচাই করতে ও অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। সারা বিশ্বে এক বিলিয়ন লোক ফেসবুক ব্যবহার করেন। দেখা গেছে, ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীরা অনেক খবর শেয়ার করেন। নিউজওয়ারের প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকদের আরও তথ্যসমৃদ্ধ করতে কাজ করবে।
২০১০ সালে স্টোরিফুল প্রতিষ্ঠিত হয়। এটি আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক একটি সামাজিক সংবাদ সংস্থা। স্টোরিফুলের ব্যবস্থাপনা পরিচালক অ্যানি কার বলেন, স্টোরিফুল দ্রুত নতুন খবর জানাতে পারে।
নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রবার্ট থমসন বলেন, স্টোরিফুল সাংবাদিকদের ভিডিও থেকে শুরু করে নিউজ-সংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে।
ফেসবুকের ডিরেক্টর অব নিউজ অ্যান্ডি মিচেল বলেছেন, নিউজরুমে স্টোরিফুল যথেষ্ট কাজে লাগবে বলে তিনি মনে করেন।