দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান। গত বছর দক্ষিণ এশিয়ায় অন্তত ২৫ জন গণমাধ্যম ব্যক্তিত্ব খুন হন। এর মধ্যে পাকিস্তানেই নিহত হন ১৩ জন। সাউথ এশিয়া মিডিয়া কমিশনের (এসএএমসি) মিডিয়া মনিটর-২০১২ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। গত রোববার এসএএমসির মহাসচিব এম জিয়াউদ্দিন লাহোরে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন। একই দিনে দক্ষিণ এশিয়ার আটটি দেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। লাহোরে প্রতিবেদনটি প্রকাশ করা উপলক্ষে চারটি প্রদেশের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে গণমাধ্যমকর্মীরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করেন না। অনেক কর্মীকে কম সম্মানী দেওয়া হয়। এতেও সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়। প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে পাঁচজন, বাংলাদেশে তিনজন এবং নেপাল ও আফগানিস্তানে দুজন করে সাংবাদিক খুন হন। শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপে কোনো সাংবাদিককে হত্যা করা হয়নি। তবে দেশগুলোতে অবাধ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭৩৮ নম্বর প্রস্তাব ২০০৬ সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাকস্বাধীনতা হুমকির মুখে রয়েছে। এসব এলাকায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানের ওপর জোর দেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে গণমাধ্যমকর্মীরা দুদিক থেকে চাপের মুখে পড়েন। ঐতিহাসিকভাবেই দেশটির শাসকগোষ্ঠী গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে আসছে। এখন সে দেশের জঙ্গিরাও গণমাধ্যমকর্মীদের নানা হুমকি দেয়। এ কারণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা নিরাপত্তাসহ নানা ঝুঁকির মুখে রয়েছেন। বেশ কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা হয়েছে। এ ছাড়া গণমাধ্যম ব্যক্তিত্বদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়ে ও বোমা বিস্ফোরণে বহুসংখ্যক সাংবাদিক আহত হয়েছেন।ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর প্রতিবাদে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বেশ কয়েকটি শহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এ সময় একজন গণমাধ্যমকর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা অনেক সাংবাদিককে পিটিয়ে আহত করেন। তাদের অভিযোগ, সাংবাদিকেরা বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করেননি। এর জের ধরে গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তানে ইউটিউব নিষিদ্ধ করা হয়। এ ছাড়া প্রতিবেদনে ‘ব্লাসফেমি’, ‘নৈতিকতা’ ও ‘জাতীয় নিরাপত্তা’বিষয়ক সংজ্ঞা স্বচ্ছতর করার দাবি জানানো হয়। এ ছাড়া রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের স্বায়ত্তশাসনের দাবি জানানো হয়। ডন অনলাইন।