সাংবিধানিক পরিষদ গঠনে নির্বাচন ২৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ায় বিপ্লবপরবর্তী নতুন সংবিধান রচনার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা ঘোষণা করেন, আগামী ২৪ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।টেলিভিশনে দেওয়া ভাষণে মেবাজা বলেন, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।তিউনিসিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ৬০ দিনের বেশি ক্ষমতায় থাকার বিধান নেই। প্রেসিডেন্ট বলেন, বর্তমান সংবিধানের গ্রহণযোগ্যতা নেই। এই সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ কারণে ৬০ দিনের মধ্যে তাঁর ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও কোনো বাধ্যবাধকতা থাকছে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত তাঁর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাবে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনের পর ওই পরিষদ নতুন সরকার গঠনের আহ্বান জানাতে পারে। আবার প্রেসিডেন্ট বা পার্লামেন্ট নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বর্তমান নির্বাহীদের দায়িত্ব পালনের সুযোগও দিতে পারে।গত ১৪ জানুয়ারি গণবিক্ষোভের মাধ্যমে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নাল আল-আবেদিন বেন আলীকে উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এএফপি ও বিবিসি।