সাংসদ কামালের পক্ষে বাধ্যতামূলক মানববন্ধনে স্কুলশিশুরা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ কামাল আহমেদ মজুমদার এবার ছাত্রছাত্রীদের রাস্তায় নামালেন। আজ বৃহস্পতিবার মনিপুর উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’দের বিচার চেয়ে মানববন্ধনে যোগ দিতে বাধ্য হয়। একাধিক ছাত্রছাত্রী প্রথম আলোকে বলেছে, স্কুল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, মানববন্ধনে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু কেন মানববন্ধন, সে সম্পর্কে তারা জানে না।মনিপুর উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয়, ‘আদিষ্ট হয়ে...প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শেওড়াপাড়া তালতলা পর্যন্ত রাস্তার পূর্বপাশে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। উক্ত মানববন্ধন সফল করার জন্য সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক।’ তবে স্কুল কর্তৃপক্ষকে কে আদেশ দিয়েছে, সে সম্পর্কে কোনো শিক্ষক খোলাখুলিভাবে মন্তব্য করতে চাননি। স্কুলের সুনাম ক্ষুণ্ন করার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে—এমন কথা বলা হলেও কার্যত শিশুদের কামাল আহমেদ মজুমদারের পক্ষে প্রচারণায় নামানো হয় আজ। ছাত্রছাত্রীদের রাস্তায় দাঁড় করানোর ওপর শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে। সে নিষেধাজ্ঞাও মানা হয়নি।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রেণী-শিক্ষকেরা আজ বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হবে বলে গতকাল বুধবারই নির্দেশ দিয়েছিলেন। তবে মানববন্ধনের বিষয়ে কিছু জানানো হয়নি। আজ সন্তানকে স্কুল থেকে নিতে এসে তাঁরা নোটিশ দেখেন।দেড়টার সময় স্কুল ছুটির কথা থাকলেও বেলা দুটো পর্যন্ত স্কুলের মূল ফটক বন্ধ ছিল। বেলা দুইটার দিকে স্কুল কর্তৃপক্ষ যখন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মানববন্ধনে অংশ নিতে মাঠের মধ্যে দাঁড় করানোর চেষ্টা করছিলেন, তখন বাইরে থেকে অভিভাবকেরা জোরে চিত্কার করতে থাকেন ও গেট ধাক্কাতে থাকেন। টানাহেঁচড়ায় যারা জয়ী হয়েছেন, তাঁরা শেষ পর্যন্ত স্কুল ছুটির পরপরই সন্তান নিয়ে বাড়ি ফিরতে পেরেছেন।কামাল আহমদ মজুমদার মানববন্ধনে উপস্থিত না থাকলেও মানবন্ধন সফল করায় আজ সবচেয়ে বেশি তত্পর ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। যেসব শিশু স্কুল ভ্যানে বাড়ি ফেরে তাদের অনেককেই ভ্যান থেকে নামিয়ে তাঁরা মানববন্ধনে দাঁড় করান, সংবাদকর্মীদের কী বলতে হবে, তা-ও শিখিয়ে পড়িয়ে নেওয়া হয়। মিরপুরের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকার দিনমজুর, দোকানদার ও শ্রমিকদের মানবন্ধনে জড়ো করেন। পরিচয় গোপন রেখে তাঁরা নিজেদের অভিভাবক হিসেবে পরিচয়ও দেন। তবে তাঁদের কারও সন্তানই আজ বিভিন্ন কারণে মানববন্ধনে উপস্থিত হতে পারেনি বলে দাবি করেন।১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রথম আলোর কাছে পরিচয় গোপন রেখে বলেন, ‘কামাল আহমেদ মজুমদার বহু শ্রম ও সময় দিয়ে স্কুলটি তৈরি করেছেন। কিছু অপপ্রচারের কারণে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের মুখে। এ স্কুলকে রক্ষার দায়িত্ব সবার।’ সন্তান কোথায়, জানতে চাইলে তিনি বলেন কোথাও না কোথাও আছে।ষড়যন্ত্রকারীদের বিচার দাবির পাশাপাশি কামাল মজুমদারের সমর্থকেরা আরটিভির সম্প্রচার বন্ধেরও দাবি জানান।মানববন্ধনে অংশগ্রহণকারী গণিত বিভাগের শিক্ষক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, স্কুলের বিরুদ্ধে অপপ্রচার চলছে। স্কুল বাঁচিয়ে রাখতে তাঁরা মানববন্ধনে অংশ নিচ্ছেন। ব্যানারে কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ বিচার চাওয়া হচ্ছে—এ দাবির সঙ্গে স্কুল কর্তৃপক্ষ একমত হয়ে মানববন্ধন করছে কি না, তার উত্তর দেননি এই শিক্ষক।এ দিকে স্কুল ছুটির পর দেড় ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক শিশুই একসময় বসে পড়ে। শিক্ষক ও কামাল আহমেদ মজুমদারের অনুগত লোকজন তাদের আবার দাঁড় করিয়ে দেয়। ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র বলে, স্কুল এখনো ভালোমতো চালু হয়নি। বেলা দেড়টার সময় ছুটি হয়ে যায় বলে বাড়ি থেকে সে কোনো খাবার আনেনি। সে ভীষণ ক্ষুধার্ত। তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মা কোলে এক বছরের শিশু নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জানান, উপায় না থাকায় বড়টিকে একটি শিঙ্গাড়া কিনে দিয়েছেন, এক বছরের মেয়েটির মুখেও দিচ্ছেন।মানববন্ধনে অংশগ্রহণকারী কাজীপাড়া ১৩ নম্বর মাদ্রাসা ও ইব্রাহীমপুর সালাউদ্দীন শিক্ষালয়ের শিক্ষকেরা বলেন, কামাল আহমেদ মজুমদার তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান। তাই তাঁরা মানববন্ধনে এসেছেন।প্রসঙ্গত, মনিপুর উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে ওই ঘটনার জন্য আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদারের শাস্তির দাবি জানানো হয়।সাংবাদিকেরা মঙ্গলবার সংবাদ সংগ্রহের জন্য মনিপুর উচ্চবিদ্যালয়ে গেলে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তাঁর লোকজন আরটিভির সাংবাদিক অপর্ণা সিংহসহ চারজনকে লাঞ্ছিত করেন।