সাংসদ পদ ছাড়ছেন না কবীর সুমন
কলকাতার বিদ্বজ্জন ও তাঁর ভক্তদের অনুরোধে সাংসদ পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন কবীর সুমন। গতকাল বুধবার সকালে তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে কবীর সুমন বলেন, ‘সাধারণ মানুষের অনুরোধেই সিদ্ধান্ত বদল করলাম। সবাই চাইছে আমার উপস্থিতি। তাই ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলাম।’ গত মঙ্গলবার রাতে কবীর সুমন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সঙ্গে দেখা করেন। তাঁর অনুরোধেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন বলে জানান। যদিও ইতিমধ্যে লোকসভার তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায় কবীর সুমনের সাংসদ পদ বাতিলের জন্য দলের পক্ষ থেকে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। কবীর সুমন মহাশ্বেতা দেবীর সঙ্গে প্রথম দেখা করেছিলেন তাঁর বাসভবনে গত ৩১ মার্চ সন্ধ্যায়। সেখানে তিন ঘণ্টা আলাপ-আলোচনা করার পর মহাশ্বেতা দেবীর অনুরোধে তিনি সাত দিনের জন্য তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখেন। এর পর তৃণমূলপন্থী কলকাতার বুদ্ধিজীবীরা কবীর সুমনকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ জানান। কবীর সুমনের ভক্তরাও একই অনুরোধ করেন। এসব অনুরোধ-উপরোধের পরিপ্রেক্ষিতে তিনি তাঁর সিদ্ধান্ত পাল্টালেন। গত বছর তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ পদে নির্বাচিত হন প্রখ্যাত এই সংগীতশিল্পী। নির্বাচনের পর কবীর সুমন এলাকার উন্নয়নের জন্য কাজেও নেমে পড়েছিলেন। কিন্তু সংঘাত বাধে দলীয় নেতাদের সঙ্গে। এরই জের ধরে গত বছরের ১৫ নভেম্বর কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন কবীর সুমন। এতে খেপে যান দলীয় নেতারা। সেই সঙ্গে দলনেত্রী মমতাও। কবীর সুমন বলেছেন, ‘আমি জনগণের দ্বারা নির্বাচিত। আমি দলের দাস নই। আমি মানুষের দাস। আমার দলনেত্রী মমতা আর মহানেত্রী মহাশ্বেতা দেবী। মমতা দলের কমান্ডার হলেও বিবেকের কমান্ডার নন। আমার কমান্ডার আমার বিবেক। দলের চেয়ে আজ আমার কাছে আত্মমর্যাদা বড়।’প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে কবীর সুমন এসএমএস করে সাংসদ পদে তাঁর ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংসদে তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।